২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা: সর্বদলীয় সরকারের চুক্তি হলেই ‘সব মন্ত্রীর পদত্যাগ’

সর্বদলীয় সরকার গঠনের চুক্তিতে পৌঁছানোর পর শ্রীলঙ্কার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 03:45 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

অর্থনৈতিক দুর্দশায় বিপর্যস্ত দ্বীপদেশটির রাজনৈতিক সংকট নিরসনে বিভিন্ন পক্ষের চেষ্টার মধ্যে সোমবার তারা এ কথা জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“আলোচনায় বসা সব মন্ত্রীর মত হচ্ছে, সর্বদলীয় সরকার গঠনের চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের দায়িত্বভার নতুন সরকারের হাতে ন্যস্ত করতে প্রস্তুত,” বলেছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়।

সর্বদলীয় সরকার গঠনের স্বার্থে রনিল আগেই তার পদ ছেড়ে দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন।

প্রবল গণঅসন্তোষের মুখে পালিয়ে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বুধবার পদত্যাগ করছেন বলে সোমবারই রনিলের কার্যালয় নিশ্চিত করেছে।

দুদিন ধরে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়ি দখল করে থাকা বিক্ষোভকারীরা ঘোষণা দিয়ে রেখেছে, সরকারের এ দুই শীর্ষ ব্যক্তির পদত্যাগের ঘোষণার বাস্তবায়ন না দেখে তারা জায়গা ছাড়তে রাজি নন।

লঙ্কাকাণ্ডে জনতা জিতল, সঙ্কট তাতে কাটল?  

শনিবার দিনভর সহিংস বিক্ষোভের পর হাজারো জনতা যখন প্রেসিডেন্টের বাড়ি দখল করে নিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিল, সেই রাতেই এক ভিডিও বার্তায় পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছিলেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য’ ১৩ জুলাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গোটাবায়া রাজাপাকসে।

কিন্তু প্রেসিডেন্টের তরফ থেকে পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য এখনও আসেনি। সে কারণে বিক্ষোভকারীদের মধ্যে প্রবল সন্দেহ রয়েছে।

শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে। কেবল তখনই তার ইস্তফা আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে।

প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী - দুজনেই পদত্যাগ করলে শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী স্পিকার সেদেশে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ ৩০ দিন দেশ পরিচালনা করতে পারবেন।

এর মধ্যেই পার্লামেন্টকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে, যিনি বর্তমান প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছর রাষ্ট্র পরিচালনা করবেন।