পূর্বসূরি আবের এমন মৃত্যুতে ‘বাকহারা’ জাপানের প্রধানমন্ত্রী
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার ঘটনাকে ‘বর্বরতা’ হিসেবে বর্ণনা করে কঠোর নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
আততায়ীর হাতে আবের নিহত হওয়ার ঘটনায় ‘ভাষা হারিয়ে ফেলার’ কথা জানিয়ে কিশিদা বলেছেন, একজন ‘সেরা নেতা’ হিসেবেই জাপানকে সবচেয়ে বেশি দিন নেতৃত্ব দিয়েছেন আবে।
“শিনজো আবের উত্তরসূরি হিসেবে তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমি শোকগ্রস্ত।”
আবেকে ‘ব্যক্তিগত বন্ধু’ হিসেবে বর্ণনা করে কিশিদা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ‘অনেকটা সময়’ কাটিয়েছেন। মূল্যবান পরামর্শ ও সমর্থন পেয়েছেন।
রোববার অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন সামনে রেখে শুক্রবার সকালে নারা শহরে দলের হয়ে নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন আবে। বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে তাকে গুলি করা হয়।
ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কিশিদা বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচন আমরা নিশ্চিত করব এবং এই ঘটনায় সরকারের দৈনন্দিন কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলব না।
“সহিংসতার কাছে আমরা কখনোই নতি স্বীকার করব না, আগামীকাল আমরা নির্বাচনী প্রচার চালিয়ে যাব।”
