২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং ব্রিটিশ কলোনি ছিল না, শেখানো হবে নতুন পাঠ্যবইয়ে

স্কুলের পাঠ্যবই নতুন করে লিখছে হংকং। এ বইয়ে শেখানো হবে, হংকং কখনও ব্রিটিশ কলোনি ছিল না। বরং ব্রিটিশরা এখানে ‘কেবল ঔপনিবেশিক শাসন চালিয়েছিল’। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এমন কথাই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 01:00 AM

Updated : 14 Jul 2022, 06:25 PM

এর মধ্য দিয়ে হংকংকে নিয়ে চীনের অখণ্ড সার্বভৌমত্ব দাবির বিষয়টিই খুবই স্বতন্ত্রভাবে সামনে নিয়ে আসা হচ্ছে। হংকংয়ের লিবারেল স্টাডিজের একটি কোর্স বদলে ফেলে এই নতুন পাঠ্যবই করা হচ্ছে।

কারণ, লিবারেল স্টাডিজের ওই শিক্ষা গণতন্ত্রপন্থি বিক্ষোভ উস্কে দিচ্ছে বলে কর্তৃপক্ষ দোষারোপ করেছে।

তাছাড়া, ২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থি গণ-আন্দোলনের সময় চীন কর্তৃপক্ষ সরাসরি এই কোর্সের সমালোচনা করে বলেছিল, এই ধরনের শিক্ষা তরুণদের গোঁড়া বানিয়ে দিচ্ছে এবং তাদেরকে ভুল ধারণা দিচ্ছে।

এখন কোর্স পরিবর্তন করে চার সেট পাঠ্যবই গত সপ্তাহেই অনলাইনে প্রকাশ করা হয়েছে এবং স্কুলগুলোকে সেপ্টেম্বরের নতুন শিক্ষাবর্ষের জন্য বিষয়বস্তু বেছে নিতে বলা হয়েছে।

তবে নতুন টেক্সবুকগুলো এখনও ছাপানো হয়নি এবং এগুলো চীন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছে বিবিসি।

এর মধ্যেই স্থানীয় গণমাধ্যমগুলো বইয়ে শিক্ষার্থীদেরকে কি শেখানো হবে তা জানিয়ে বলেছে, এই বইয়ে বলা হবে, অষ্টাদশ শতকে অন্যায় আফিম যুদ্ধের কারণে একটি চুক্তির আওতায় চীন হংকংকে ব্রিটেনের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। ওই চুক্তিকে চীন সরকার স্বীকৃতি দেয়নি।

আর ১৯৯৭ সালে ব্রিটেন আবার হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে চুক্তির অবসান ঘটেছিল। ফলে হংকং কখনোই ব্রিটিশ কলেনি ছিল না।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আফিম যুদ্ধ চলেছিল ১৮৩৯ থেকে ১৮৪২ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্রিটেন চীনা মূলভূমি আক্রমণ করে এবং ১৮৪১ সালে হংকং দ্বীপ দখল করে নেয়। যুদ্ধে হেরে চীন পরের বছর নানকিং চুক্তি অনুযায়ী ব্রিটেনের কাছে হংকংকে ছেড়ে দেয়। ফলে হংকং হয়ে যায় ব্রিটিশ সাম্রাজ্যের কলোনি।

পরবর্তীতে ১৯৯৭ সালে চুক্তির মেয়াদ শেষের পর গ্রেট ব্রিটেন ব্রিটিশ হংকং ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ আবার হস্তান্তর করে পিপলস রিপাবলিক অব চায়নার কাছে। কিন্তু চীন বরাবরই হংকংকে তাদের ভূখন্ড বলে দাবি করে এসেছে।

আর সেই অষ্টাদশ শতকে চুক্তির আওতায় ব্রিটেনের কাছে তাৎকালীন চীনা মিং সরকারের নিজ রাজ্যের অংশবিশেষ ছেড়ে দেওয়া এবং লিজ দেওয়ার বিষয়টি নিয়ে চীন যুক্তি দেখিয়ে বলেছে যে, ওই চুক্তি “চাপের মুখে” করা হয়েছিল। এগুলো কখনোই স্বীকৃত কিছু ছিল না।

ব্রিটেন ১৫০ বছরের শাসনের পর হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়। হংকংয়ের নতুন পাঠ্যবইগুলোতে কাকে কলোনি বা উপনিবেশ বলা হয়? আর ঔপনিবেশক শাসন কাকে বলা হয়? দু’য়ের পার্থক্যই খুব সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

১৯৯৭ সালে চীনের অধীনে যাওয়ার পর থেকে হংকং বেইজিংয়ের কথাই অনুসরণ করে আসছে। হংকংয়ের সার্বভৌমত্ব চীনের কাছে ‘হস্তান্তর’ হয়েছে তা নয়, বরং হংকং ‘মাতৃভূমিতে ফিরে এসেছে’ এমনটিই বলা হয়ে আসছে।

হংকংয়ের সরকারি মিউজিয়ামগুলোতে এতদিন হংকংয়ের ‘ব্রিটিশ কলোনি’র পরিচয় তুলে ধরা হয়ে আসলেও ২০২০ সাল থেকে তা আর করা হচ্ছে না। এ বিষয়টিকে স্থানীয় অধিবাসীরা আধা-স্বয়াত্তশাসিত দ্বীপ হংকংয়ের ওপর চীনের নিয়ন্ত্রণ জোরদার হতে থাকার আভাস হিসাবেই দেখছেন।