ইউক্রেইনে রুশ বাহিনীর হাতে আটক দুই ব্রিটিশ যোদ্ধার মৃত্যুদণ্ড
ইউক্রেইনের হয়ে যুদ্ধ করার সময় রুশ সেনাদের হাতে আটক দুই ব্রিটিশ ও এক মরোক্কান যোদ্ধাকে মৃত্যুদণ্ড দিয়েছে রাশিয়া-নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেইনের একটি আদালত।
বিবিসি জানায়, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক এর আদালতে এই যোদ্ধাদেরকে হাজির করার পর তাদের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করা হয়। এই আদাতল আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।
দুই ব্রিটিশ যোদ্ধা হলেন, যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের আইডেন আসলিন (২৮) এবং ওয়াটফোর্ডের শন পিনার (৪৮)। আর মরক্কোর নাগরিকের নাম সাউদুন ব্রাহিম। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ আনা হয়।
দুই ব্রিটিশই বলেছেন, তারা ইউক্রেইন সেনার মেরিন বাহিনীতে যোগ দিয়ে সেনা হিসাবে সক্রিয় দায়িত্ব পালন করছিলেন। ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর সেনা হিসাবে জেনেভা কনভেনশনের আওতায় তারা যুদ্ধবন্দী হিসাবে আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন।
তবে রাশিয়ার গণমাধ্যম তাদেরকে ভাড়াটে যোদ্ধা হিসাবে চিত্রিত করেছে এবং আদালতও তাদেরকে ভাড়াটে যোদ্ধা হিসাবে দোষী সাব্যস্ত করেছে।
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় রুশ বাহিনীর হাতে আটক এই তিনজনকেই যোদ্ধা হিসাবে আইনি সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা আছে। তাদেরকে নির্যাতন করা, ভয়ভীতি দেখানো কিংবা তাদের সঙ্গে অমানবিক আচরণ করার এখতিয়ার শত্রুপক্ষের নেই।”
ইউক্রেইনের রাশিয়া অধিকৃত ভূখন্ডে তাদের লোকদেখানো বিচার করা হয়েছে বলে মুখপাত্র অভিযোগ করেছেন। ব্রিটিশ কর্মকর্তারাও দুই ব্রিটিশ যোদ্ধার মৃত্যুদণ্ডের রায়ের তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন।
যুক্তরাজ্য সরকার বলেছে, এই রায় খুবই উদ্বেগজনক। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস দুই যোদ্ধার বিচার প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তারা যুদ্ধবন্দি। আর আদালতও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ফলে এ রায়ের কোনও বৈধতা নেই।
