পুতিনের পতন ঘটাতে কাজ করছে রুশ ভাষার ইউক্রেইনীয় টিভি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছে রুশ ভাষার একটি ইউক্রেইনীয় টেলিভিশন চ্যানেল।
‘ফেব্রুয়ারি মর্নিং’ নামের এ টিভি চ্যানেলটি পুতিনকে ক্ষমতা থেকে উৎখাতের এই উচ্চাকাঙ্ক্ষী এবং দৃশ্যত অসম্ভব লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা।
এই টিভি চ্যানেল ইউক্রেইনের অপর টেলিভিশন চ্যানেলগুলোর মতো নয়। ‘ফেব্রুয়ারি মর্নিং’ চ্যানেলটি একান্তই রাশিয়াবাসীদের জন্য। রাশিয়াতে চ্যানেলটির দর্শকশ্রোতা রয়েছে।
চ্যানেলের অনুষ্ঠান পরিকল্পনাও রুশ দর্শকশ্রোতাদের কথা মাথায় রেখেই সাজানো হয়। ইউক্রেইনীয় ও রুশ মিলিয়ে টিভির কর্মী সংখ্যা ৭০ জন। এদের মধ্যে কয়েকজন আবার গোপনে রাশিয়ার বিভিন্ন প্রাদেশিক শহরে কাজ করেন।
চ্যানেলটির প্রতিষ্ঠাতা ইলিয়া পনোমারেভ রাশিয়ার পার্লামেন্ট সদস্য ছিলেন। ২০১৪ সালে ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপকে রাশিয়াভুক্ত করার বিরুদ্ধে তিনিই একমাত্র ভোট দিয়েছিলেন।
প্রতিশোধপরায়ণ হয়ে ক্রেমলিন পরে তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করে এবং যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার সময় তার রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর ইউক্রেইনের রাজধানী কিইভে অবস্থান করার পর ২০১৯ সালে ইলিয়া দেশটির নাগরিক হন।
পনোমারেভ বলেন, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন বন্ধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে, মস্কোর শাসকদেরকে ক্ষমতা থেকে উৎখাত। পুতিন ক্ষমতায় থাকলে এই সংঘাত বছরের পর বছর, এমনকী কয়েক দশক ধরেও চলতে পারে।
“দিনশেষে আমাদের কাজ হল সাধারণ জনগণকে বিদ্রোহী করে তোলা। তারা একা নন, এমন বোধ তাদের মধ্যে তৈরি করা,” বলেন পনোমারেভ। তবে বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় টিভির প্রচারণার কারণে রুশদের বিদ্রোহী করে তোলা কঠিন কাজ হবে বলেও স্বীকার করেছেন তিনি।
তারপরও দুটি গোষ্ঠীর বিদ্রোহী সংগঠন হয়ে গড়ে ওঠার আশা আছে বলে জানিয়েছেন পনোমারেভ। এর একটি হচ্ছে, শহুরে তরুণ মুক্তমনা গোষ্ঠী এবং কারাবন্দি রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির সমর্থকরা। আর অপরটি, রাশিয়ার হতাশ শ্রমজীবী শ্রেনি, যারা দেশের দুর্নীতি ও দুঃশাসনে ক্ষুব্ধ।
এই শ্রেনি প্রায়শই বাম ঘরানার এবং অসংগঠিত হয়ে থাকে। তারা দেশ ছেড়ে চলে যায়নি এবং তাদেরই গণঅসহযোগ আন্দোলনে নামার সম্ভাবনা বেশি বলে জানান পনোমারেভ। ফেব্রুয়ারি থেকে আন্দোলনকর্মীরা রাশিয়ার কয়েকটি সেনা নিয়োগ কার্যালয় পুড়িয়ে দিয়েছে। এই কার্যালয়গুলো থেকে ইউক্রেইনে সেনা পাঠানো হত।
এইসব ছোটখাট হামলার কিছুটা কৃতিত্বও দাবি করেছেন পনোমারেভ। তার চ্যানেল থেকে বোমা বানানোর কৌশল শেখানো হয় এবং রাশিয়ার এফএসবি গুপ্তচর সংস্থার মোবাইল ফোন লোকেশন সেটিং বন্ধ করে দিয়ে কীভাবে তাদের অভিযান ব্যর্থ করে দেওয়া যায় শেখানো হয় তাও।
তবে ফেব্রুয়ারি মর্নিং চ্যানেলের ইউক্রেইনীয় প্রধান সম্পাদক লারিসা রিবালশেঙ্কো বলেছেন, তিনি এবং তার সম্পাদকমন্ডলীর সহকর্মীরা মিলে রাশিয়ার সমাজকে পরিবর্তন করতে সময় লাগবে।
“এ এক দীর্ঘ যাত্রা। এখানে অনেক ভ্রান্ত তথ্য আছে, বিশেষ করে যুদ্ধ নিয়ে। কিন্তু এটি রুশ জনগণ এবং ইউক্রেইনের জন্য অপরিহার্য।”
