জনসনের ভাগ্য নির্ধারণী ভোট শেষ
যুক্তরাজ্যে কনজারভেটিভ এমপি’রা প্রধানমন্ত্রী বরিস জনসনকে বদলানো হবে কিনা সে সিদ্ধান্ত নিতে চলেছেন।
দলের নেতা হিসাবে জনসনের ওপর এখনও আস্থা আছে কিনা সে সিদ্ধান্ত জানান দিতে গোপন ব্যালটে ভোট দেওয়া এরই মধ্যে শেষ হয়েছে হাউজ অব কমন্সে।
লকডাউনের মধ্যে দেশবাসীকে বিধিনিষেধে আটকে রেখে জনসনের মদপানের পার্টি করা নিয়ে শোরগোল, অর্থনৈতিক নীতি এবং জনসনের নেতৃত্বের ধরন নিয়ে বিভেদের প্রেক্ষাপটে এই আস্থা ভোটের পট প্রস্তুত হয়।
পার্লামেন্টের একটি কমিটি কক্ষে দু’ঘন্টা এই ভোটাভুটি হয়। এখন ভোট গণনার ঘণ্টাখানেক পর ফল প্রকাশ হবে। প্রধানমন্ত্রী জনসনকে ক্ষমতায় টিকে থাকতে হলে অন্তত ১৮০ এমপি’র সমর্থন পেতে হবে।
তিনি জিতে গেলে অন্তত একবছরের জন্য তাকে আর আস্থা ভোটের মুখে পড়তে হবে না। আর হেরে গেলে তাকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং দলের নেতৃত্বেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
আস্থা ভোট কী?
কনজারভেটিভ এমপি দের দলের নেতাকে সরানোর চেষ্টাই আস্থা ভোট।
নিয়ম অনুযায়ী, দলের ন্যূনতম ১৫ শতাংশ সাংসদ আস্থা ভোট চেয়ে কনজারভেটিভ পার্লামেন্টারি গ্রুপ ১৯২২ কমিটির চেয়ারম্যানের কাছে আবেদন জানালে চেয়ারম্যান সেই ভোট ডাকেন।
১৯২২ কমিটির এখনকার চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি। সোমবার তিনি জানান, আস্থা ভোট চেয়ে আবেদনকারী দলীয় সাংসদের সংখ্যা ১৫ শতাংশ (এই হিসাবে ৫৪ জন) পেরিয়ে গেছে, যা ভোট অনুষ্ঠানের জন্য যথেষ্ট।
ভোটে জনসন হেরে গেলে কনজারভেটিভ দলের নতুন নেতা নির্বাচনের জন্য সময় নির্ধারণ করে দেবে ১৯২২ কমিটি। নির্বাচিত নেতা প্রধানমন্ত্রীও হতে পারেন।
তার মানে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হতে পারে কোনও সাধারণ নির্বাচন অনুষ্ঠান না করেই। কারণ, যুক্তরাজ্যের ভোটাররা তাদের স্থানীয় এমপিদেরকে নির্বাচিত করে। আর এই এমপি রা প্রধানমন্ত্রী নির্বাচন করেন।
ভোটে জিতলেই কি কর্তৃত্ব রক্ষা হবে জনসনের?
বিবিসি’র রাজনৈতিক বিশ্লেষকরা আস্থা ভোটে জনসনের পক্ষে প্রকাশ্যে সমর্থন ঘোষণা করা এমপি’র সংখ্যা ১৩১ বলে জানিয়েছেন; যেখানে জনসনের দরকার ১৮০ এমপি’র সমর্থন।
ভোটের আগেই পর্যাপ্ত সমর্থনের আভাস পেয়ে জনসন এমপিদের এক গোপন বৈঠকে আস্থা ভোটে জয়ী হওয়ার আশাই প্রকাশ করেছেন। বলেছেন, “আমি আবার আপনাদের জন্য জয়ী হব।” জনসনের মন্ত্রিসভারও বেশিরভাগই তাকে সমর্থন করেছেন।
কিন্তু একজন রাজনৈতিক নেতার জন্য আস্থা ভোট সবসময়ই দুঃসংবাদ। আস্থা ভোট হওয়া মানেই দলের ভেতরকার অস্থিরতার বিষয়টি সামনে চলে আসা। আর ইতিহাসেও দেখা গেছে, রাজনৈতিক নেতারা আস্থা ভোটে উৎরে গেলেও তা প্রায়শই তার ক্ষমতার অবসানেরই সূচনা করে।
সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মে হাউজ অব কমন্সে দুই-তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন পাওয়ার পরও ছয়মাস পরেই তাকে বিদায় নিতে হয়েছিল।
আর আড়াইবছর আগে যে বরিস জনসন যে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিলেন সেই তাকেই এখন আস্থা ভোটে উৎরাতে প্রতিটি এমপি’র ভোট কামনা করতে হচ্ছে। সোমবার রাতের ভোটে জনসন জিতবেন এমনটিই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু রাজনীতির বিষয়টি ভিন্ন।
কারণ, ভোটে উৎরালেও এরপর জনসনকে নিজ দলের বেশ কয়েকজন কনজারভেটিভ এমপি’র কাছে দায়বদ্ধ এবং জবাবদিহিতার মুখে থেকে কাজ করতে হবে। আর আস্থা ভোটে লড়াইয়ের ক্ষত বয়ে বেড়াতে হবে তার দলকেও। তার মানে ভোটে জনসনের জিতে যাওয়াটাই সবকিছুর শেষ নয়।
তাই আস্থা ভোটে হিসাব-নিকাশের জয় আর কর্তৃত্ব আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা একই ব্যাপার নয়। সেটি হওয়া অনেক দূরের পথ এবং জনসনের জন্য তা একটি বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে।
তাছাড়া, জনসন ভোটে জিতলে কেউ কেউ বর্তমান নিয়ম বদলে খুব শিগগিরই আরেকটি আস্থা ভোট অনুষ্ঠানের চেষ্টা নিতে পারে বলে জল্পনা রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে ১৯২২ কমিটির চেয়ারম্যান ব্রাডি বলেন, “কৌশলগতভাবে, এটি সম্ভব।”
আর জনসন মাত্র কয়েক ভোটের ব্যবধানে আস্থা ভোটে জিতে গেলে ক্ষমতায় টিকে থাকার মতো যথেষ্ট সমর্থন তার আছে কিনা তা নিয়ে আবারও চিন্তায় পড়তে হবে তাকে।
