আকাশসীমা বন্ধ, ল্যাভরভের সার্বিয়া সফর বাতিল
সার্বিয়ার আশপাশের দেশগুলো রুশ পররাষ্ট্রমন্ত্রীর বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সের্গেই ল্যাভরভকে তার সার্বিয়া সফর বাতিল করতে হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
রোববার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে ওই কর্মকর্তা এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সার্বিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার মস্কোর শীর্ষ কূটনীতিক ল্যাভরভের যে বিমানে করে বেলগ্রেডে যাওয়ার কথা ছিল, সেটির জন্য বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া ও মন্টিনিগ্রো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
পরে রুশ ওই ঊর্ধ্বতন কর্মকর্তা সার্বিয়ার গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেন।
“আমাদের কূটনীতি এখনও টেলিপোর্টেশন (মুহুর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর) আয়ত্ত করতে পারেনি,” বলেছেন তিনি।
তাৎক্ষণিকভাবে এই প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক থাকা সার্বিয়াকে ইউক্রেইনে রুশ হামলা নিয়ে পক্ষ বেছে নেওয়া এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যুক্ত না হওয়ায় ব্যাপক চাপ মোকাবেলা করতে হচ্ছে।
রাশিয়ার গ্যাসের বিল রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় মস্কো অনেক দেশে সরবরাহ বন্ধ করে দিলেও সার্বিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখার ব্যাপারে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিক একমত হয়েছিলেন।
