২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার কাছে অগ্নিকাণ্ডে বেশ কিছু বাড়ি পুড়ে ছয়টি শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2022, 02:08 PM

Updated : 02 Aug 2022, 01:26 PM

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় লাগা এ আগুনে ৮০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

কেইজন সিটিতে ফিলিপিন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে একটি জনাকীর্ণ বসতির এক বাড়ির তিনতলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে বিবিসি। আগুন লাগার কারণ জানা যায়নি।

দমকলের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচায়দা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক তাদের বাড়ি থেকে বের হওয়ারও সুযোগ পাননি।

যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয়টি শিশু আছে, এমনটি জানালেও তাদের বয়সের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

“বাড়িগুলো হালকা উপাদানে তৈরি ছিল। আগুন লাগার পর বাসিন্দারা হতবিহ্বল হয়ে পড়ে। আমাদের স্টেশন কাছে হলেও তারা সঙ্গে সঙ্গে আমাদের কল দিতে পারেনি,” বলেন বিচায়দা।

ফিলিপিন্স বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। দেশটির রাজধানীর প্রতি বর্গকিলোমিটারে বহু লোক বাস করে।   

রাজধানী মেট্রো ম্যানিলা ও কেইজনসহ ম্যানিলা অঞ্চলে প্রায় এক কোটি ৩০ লাখ লোক বাস করে। এখানকার জানকীর্ণ এলাকাগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।