২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ইউক্রেইনের পূর্ব আর দক্ষিণাঞ্চলের দখল নিতে চায়: জেলেনস্কি

রাশিয়া ইউক্রেইনের পূর্ব আর দক্ষিণাঞ্চলের দখল নিতে চাইছে বলে সতর্ক করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2022, 01:50 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “রুশ বাহিনীর লক্ষ্য কী? তারা চায় দনবাস ও ইউক্রেইনের দক্ষিণাঞ্চল এই দুই অংশের দখল।

“আর আমাদের লক্ষ্য? নিজেদেরকে, স্বাধীনতাকে, আমাদের ভূখণ্ড ও জনগণকে রক্ষা করা।”

জেলেনস্কি তার বার্তায় অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে লড়াই করা ইউক্রেইনীয় সেনাদের প্রশংসাও করেন বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, মারিউপোল এবং অন্যান্য শহর ইউক্রেইনীয়দের দুর্বার প্রতিরোধ কিইভকে সময় দিয়েছে, রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে সহায়তা করেছে।

রুশ বাহিনী যে এখন ইউক্রেইনের পূর্ব আর দক্ষিণে মনোযোগ দিয়েছে, যুক্তরাজ্যের হালনাগাদ গোয়েন্দা মূল্যায়নেও তা বলা হয়েছে। 

পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, মারিউপোলের পর রুশ বাহিনীর লক্ষ্য সম্ভবত এক লাখ ২৫ হাজার বাসিন্দার শহর স্লোভিয়ানস্ককে চারদিক থেকে ঘিরে ফেলা।

২০১৪ সালেও রুশ সমর্থিত ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীরা এই শহর কব্জায় নিয়েছিল, পরে ইউক্রেইনীয় বাহিনী শহরটি পুনর্দখল করে।

কৃষ্ণসাগর তীরবর্তী আরেক শহর ওডেসাতেও সম্প্রতি রুশ হামলার মাত্রা বেড়েছে। রোববার ভোরের দিকে শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে জানিয়েছেন ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে বলেও দাবি করেন তিনি।