২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে বাণিজ্য করে নিষেধাজ্ঞা এড়ানোর আশা রাশিয়ার

ইউক্রেইন ইস্যুতে কোনো পক্ষ না নেওয়ায় বন্ধু দেশ হিসাবে ভারতের প্রশংসা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতের মতো দেশের সঙ্গে বাণিজ্য করে রাশিয়া অ-পশ্চিমা মুদ্রার ব্যবহার বাড়াবে বলে জানিয়েছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2022, 07:27 PM

Updated : 28 Apr 2022, 11:59 PM

ইউক্রেইনে সামরিক অভিযানের পর প্রথমবারের মতো চলতি সপ্তাহে চীন সফরে যাওয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বৃহস্পতিবার দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান।

সেখানে শুক্রবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি ভারতকে ধন্যবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বন্ধু। ভারত ইউক্রেইন ইস্যুকে এক পাক্ষিকভাবে নয়, বরং সম্পূর্ণ বাস্তবতার ভিত্তিতে দেখছে।”

ল্যাভরভ বলেন, রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক কয়েকবছর আগে অর্থনৈতিক তথ্য নিয়ে যোগাযোগের জন্য একটি ব্যবস্থা গড়ে তুলেছিল। ভারতেরও একই ব্যবস্থা আছে।

“এটি স্পষ্ট যে জাতীয় মুদ্রা ব্যবহার করে এই ব্যবস্থায় আরও অনেক বেশি লেনদেন হবে। এতে করে ডলার, ইউরো এবং অন্যান্য বিদেশি মুদ্রাকে পাশ কাটিয়ে যাওয়া যাবে,” বলেন তিনি।

ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম সবচেয়ে বেশি আসে রাশিয়া থেকে। ল্যাভরভ বলেন, দুই দেশ রুপি-রুবলে লেনদেন ব্যবস্থার আওতায় তেল, সামরিক হার্ডঅ্যয়ার এবং অন্যান্য পণ্যের বাণিজ্য করবে।

তিনি বলেন, “ভারত যে পণ্য কিনতে চায় তাই দিতে আমরা প্রস্তুত থাকব। এতে পশ্চিমাদের একতরফা অবৈধ নিষেধাজ্ঞায় কৃত্রিম যে বাধা সৃষ্টি হয়েছে, সেটি যে আমরা এড়িয়ে যাওয়ার একটি পথ খুঁজে পাব এ ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।”

ইউক্রেইনের সঙ্গে আলোচনায় রাশিয়া কিছু কদম আগে বেড়েছে জানিয়ে ল্যাভরভ বলেন, অপারমাণবিক, জোট-বিহীন এবং নিরপেক্ষ অবস্থানটাই এখন খুবই প্রয়োজনীয় বলে স্বীকৃত হচ্ছে।”

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে কতটা ছাড় আদায় করা যায় সেদিকে নজর ভারতের। ওদিকে, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে ভারত-রাশিয়া তেলের লেনদেনে ডলারের বদলে রুবলে হওয়াটা নিশ্চিত করাই মস্কোর উদ্দেশ্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পশ্চিমা বিশ্বকে বার্তা দিয়েই শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তিনি বলেন, “দিল্লি সব সময়ই আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধ ও মতভেদ দূর করার পক্ষে।”

জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এদিনই সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ল্যাভরভের। ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের এ ভারত সফরকে আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।