রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘মারিয়ানা ট্রেঞ্চের’ তলানিতে: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান মস্কোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভানের দায়িত্ব পালনকে আরও কঠিন করে তুলেছে।
রয়টার্স লিখেছে, একদিকে ক্রেমলিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, অন্যদিকে এক-দশমাংশ লোকবল দিয়ে দূতাবাসের কার্যক্রম চালানো - সবমিলিয়ে হিমশিম অবস্থায় জন সুলিভান।
২০২০ সালের জানুয়ারিতে রাষ্ট্রদূতের দায়িত্বে যোগ দেওয়ার কথা স্মরণ করে সুলিভান বলেন, “আড়াই বছর আগে পরিস্থিতি আসলেই খারাপ ছিল। এখন সেটা আরও খারাপ হয়েছে।”
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি পৃথিবীর গভীরতম অঞ্চলের উদাহরণ টেনেছেন। সুলিভান বলেন, “কূটনৈতিক সম্পর্কের হিসাব করতে গেলে আমরা এখন মারিয়ানা ট্রেঞ্চে আছি।”
যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবারে রাশিয়ার পাল্টা পদক্ষেপের কারণে সিংহভাগ দূতাবাস কর্মীকে দেশে ফেরত পাঠাতে হয়েছে। কর্মী সংকটের কারণে সুলিভানকে এখনও টয়লেট পরিষ্কার বা মেঝে মোছার কাজ করতে হয়নি, তবে সেদিনও দূরে নেই বলে গুঞ্জন রয়েছে ওয়াশিংটনে।
সুলিভান জানান, এখন পর্যন্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে তার দেখা-সাক্ষাতে সৌজন্যবোধ বজায় আছে। ব্যক্তিগতভাবে কেউ এখনও তাকে আক্রমণ বা অবজ্ঞা করেননি। যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়েও সেদেশে তেমন কোনো আক্রমণাত্মক মনোভাব দেখা যায়নি।
মস্কো থেকে ভিডিও কলে তিনি রয়টার্সকে বলেন, “এখানে নিরাপত্তা পরিস্থিতি এক মাস বা ছয় মাস আগেও যা ছিল, তা থেকে খুব বদলে যায়নি। তবে রুশ সরকারের এক মিনিটের নির্দেশেই পরিস্থিতি বদলে যেতে পারে।”
গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের সদস্য ও ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন হার্বস্ট বলেন, সুলিভানকে এমন একটি পরিস্থিতি সামলাতে হচ্ছে যা রাশিয়ায় আগের কোনো মার্কিন রাষ্ট্রদূতকে সামলাতে হয়নি।
“আমরা আসলেই মস্কোর সঙ্গে সত্যিকারের একটি শত্রুভাবাপন্ন সময়ের মধ্যে রয়েছি।”
রয়টার্স জানায়, ২০১৭ সালে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মী সংখ্যা ছিলো এক হাজার ২০০, যা কমে এখন ১৩০ জনে দাঁড়িয়েছে। তাদের অর্ধেকই মেরিন সেনা ও নিরাপত্তা কর্মী।
রাষ্ট্রদূত সুলিভানের জন্য এখন দূতাবাসের নিয়মিত কাজ চালিয়ে নেওয়াই কঠিন হয়ে পড়েছে।
পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকির বিষয়ে সুলিভান বলেন, তিনি এই হুমকিকে গুরুত্ব দিয়েই নিয়েছেন।
তার ভাষায়, রুশরা কথার ফুলঝুরিতে বিশ্বাস করে না।
“যুক্তরাষ্ট্র রাশিয়ায় তাদের দূতাবাস বন্ধ করতে চায় না। তবে অনেক কিছুই আছে যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না।”
রাশিয়া ফেব্রুয়ারিতে সুলিভানের ডেপুটিকে বহিষ্কার করে। সম্প্রতি তারা আরও ৩৭ জন মার্কিন কর্মীকে জুলাইয়ের মধ্যে দেশে ফেরত যেতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, এটা করা হলে দূতাবাস শুধু এর ‘কঙ্কালের ওপর’ টিকে থাকবে।
সুলিভান জানান, যদি কূটনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয় এবং দূতাবাস বন্ধ করে দিতে হয়, তাহলে তিনি তার অন্যতম দায়িত্ব, বন্দি আমেরিকদের মুক্ত করার পক্ষে ওকালতি করতে পারবেন না।
তিনি বলেন, রাশিয়ায় বন্দি আমেরিকানদের জন্য ন্যূনতম ওকালতি করার সুযোগের জন্যও তিনি সেখানে থাকতে চান।
