২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধের দ্বিতীয় মাস: মারিউপোলের পতনের শঙ্কা বাড়ছে

আগ্রাসনের দ্বিতীয় মাসে কৌশলগতভাবে ইউক্রেইনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দ্বিগুণ হামলা শুরু করেছে রাশিয়া। রাজধানী কিইভের চারপাশে তুমুল লড়াই চলার খবর পাওয়া যাচ্ছে। অবরুদ্ধ মারিউপোলও পতনের দ্বারপ্রান্তে চলে আসার লক্ষণ দেখা যাচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস

দ্য

নিউ ইয়র্ক টাইমস

Published : 28 Mar 2022, 11:08 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

রুশ বাহিনী এরই মধ্যে এই নগরীর কিছু এলাকায় ‍ঢুকে পড়েছে। ইউক্রেইনের সেনারা এখনও সেখানে অবস্থান ধরে রেখেছে। তবে কতক্ষণ তাদের প্রতিরোধ টিকে থাকবে সেটিই এখন প্রশ্ন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। গত এক মাসে যুদ্ধের যে পরিস্থিতি তাতে এটাই স্পষ্ট হয়েছে যে, রুশ বাহিনী দ্রুত ইউক্রেইনের বড় বড় নগরী নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার যে প্রাথমিক লক্ষ্য ঠিক করেছিল তাতে তারা ব্যর্থ হয়েছে।

রুশ বাহিনী এখন পর্যন্ত দক্ষিণের নগরী মারিউপোল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নগরী চেরনিহিভ অবরুদ্ধ করতে সক্ষম হয়েছে। রাজধানী কিইভে দিনের বেলা বিমান হামলার সাইরেন বাজছে ঠিকই। ওই সাইরেনের আওয়াজ ছাড়া নগরী বর্তমানে শান্তই আছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও সম্প্রতি জানানো হয়েছে, পূর্ব ফ্রন্টের দিকে অধিক মনযোগ দিতে তারা কিইভ থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে।

ইউক্রেইনের সেনাবাহিনীর দাবি, রুশ সেনারা এখন উত্তরে বেলারুশের দিকে সরে যাচ্ছে। যাতে তারা পুনরায় একত্রিত হতে এবং রসদ সংগ্রহ করতে পারে। তবে এখনো চেরনিহিভ এবং কিইভের উত্তরপূর্বে রুশ সেনারা ভারি গোলা বর্ষণ অব্যাহত রেখেছে।

ইউক্রেইনের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উত্তরপূর্বের নগরী খারকিভে রাশিয়ার গোলার আঘাতে দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। রাশিয়ার সীমান্তবর্তী এই নগরীর দখল নেওয়ার চেষ্টা করছে রুশ বাহিনী।

এছাড়া, পশ্চিম ইউক্রেইনে জ্বালানির একটি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেইনের সেনাবাহিনীর রসদ পাওয়ার রাস্তা বন্ধ করতে রাশিয়ার বিমান হামলাও অব্যাহত আছে।

ইউক্রেইনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাশিয়ার বাহিনী তাদের দিক পরিবর্তন করে এখন দক্ষিণ ও পূর্ব দিকে অধিক মনযোগ দিয়েছে। তারা ইউক্রেইনকে তাদের দখলে থাকা এবং দখল মুক্ত এই দুইটি অঞ্চলে ভাগ করে ফেলতে চাইছে।

ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিরিলো বুদানভ বলেন, ‘‘সত্যি বলতে তারা এখন ইউক্রেইনের মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়া বানাতে চাইছে।”

বর্তমানে যুদ্ধের যে গতিবিধি তাতে মনে হচ্ছে, ‍রুশ বাহিনী কিইভের উত্তরাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে। তাছাড়া, অবরুদ্ধ করে রাখা মারিউপলের নিয়ন্ত্রণ পেতে তারা ইউক্রেইনের সেনাবাহিনীর প্রচেষ্টাকে প্রতিহত করতে চাইছে।

যুদ্ধ শুরুর কয়েকদিন পর মারিউপলের দখল নেয় রুশ বাহিনী। নগরীতে আটকে পড়া সাধারণ মানুষ এবং ইউক্রেইনের সেনারা সেখানে মানবেতর জীবন-যাপন করছে। নগরীতে খাবার ও পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রাণ বাঁচাতে লোকজন বাধ্য হয়ে সুয়ারেজের দূষিত পানি পান করছে।

যুদ্ধে রুশ বাহিনীরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে বার বার দাবি করছে পশ্চিমা সমর বিশেষজ্ঞ এবং ইউক্রেইনের সেনাবাহিনী।

এছাড়া, গোলাবারুদ এবং রসদ সরবরাহ ব্যবস্থায় ‍নানা জটিলতার কারণে রুশ বাহিনীর গতি হ্রাস পেয়েছে এবং এক বারে তাদের একটি লক্ষ্যবস্তুতেই মনোযোগ দিতে হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট এর স্থলযুদ্ধ বিশেষজ্ঞ জ্যাক ওয়াটলিং।

তার মতে, ইউক্রেইনের সেনাবাহিনী দেশজুড়ে রুশ বাহিনীকে সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হলেও এখন পর্যন্ত রাশিয়ার কোনও অগ্রগতিকে তারা উল্লেখযোগ্যভাবে উল্টেও দিতে পারেনি।

রুশ সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে রোববার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী মারিউপোলের কিছু অংশে ঢুকে পড়েছে। ইউক্রেইনের সেনারা সেখানে এখনও অবস্থান ধরে রেখেছে। তবে জীবন বাঁচাতে তাদেরকে নগরী ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেন, “আমি দিনে দু’বার তাদের সঙ্গে কথা বলি। আমি তাদেরকে বলেছি, যদি আপনারা মনে করেন জীবন বাঁচাতে নগরী ছেড়ে যাওয়া দরকার, তাহলে ঠিক আছে, আপনারা বাঁচতে পারলে সেটাই করুন। আমি বিষয়টি বুঝি।”

তবে ইউক্রেইনীয় সেনা কর্মকতারা নগরী ছেড়ে যেতে চাননি বলেও জানিয়েছেন জেলেনস্কি। বহু আহত, নিহত কমান্ডার এবং সাধারণ মানুষদেরকে বিপদের মধ্যে ফেলে নগরী ছেড়ে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছেন এই সেনারা।

তবে ব্রিটিশ যুদ্ধ বিশেষজ্ঞ জ্যাক ওয়াটলিং বলছেন, ইউক্রেইনীয় সেনারা মারিউপোলের নিয়ন্ত্রণ আর খুব বেশিদিন ধরে রাখতে পারবে বলে তিনি মনে করেন না। কারণ, তাদের পানি, খাবার ফুরিয়ে এসেছে। ক্লান্ত সেনারা এমন একটি অবস্থায় দীর্ঘ সময় লড়তে পারে না।

তাই খুব বেশি হলে আর মাত্র কয়েকটি দিন মারিউপোল টিকতে পারে এবং নগরীটির পতন হলে সেখানে বিদ্রোহী তৎপরতা চলতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

যুদ্ধে অবকাঠামোগত দিক দিয়ে ইউক্রেইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির পার্লামেন্ট থেকে রোববার এক টুইটে জানানো হয়, গত বৃহস্পতিবার পর্যন্ত ইউক্রেইনে যে পরিমাণ অবকাঠামো ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক মূল্যে তা প্রায় ৬৩ বিলিয়ন মার্কিন ডলার।

যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে প্রায় সাড়ে চার হাজার আবাসিক ভবন, ১৩৮ স্বাস্থ্যসেবা কেন্দ্র, আটটি বেসামরিক বিমান বন্দর এবং ৩৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। কিইভ স্কুল অব ইকোনোমিকস ক্ষয়ক্ষতির এই হিসাব দিয়েছে।