২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ৬০ শতাংশ পর্যন্ত ব্যর্থ রুশ ক্ষেপণাস্ত্র: যুক্তরাষ্ট্র

ইউক্রেইন যুদ্ধে নির্ভুলতা-নির্দেশিত রুশ ক্ষেপণাস্ত্রগুলো ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে। এ ব্যর্থতার হার ৬০ শতাংশ পর্যন্ত। এ বিষয়ে উঠে আসা গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Mar 2022, 11:06 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

বলা হচ্ছে, ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার শ্লথগতির ব্যাখ্যা দিতে গেলে ক্ষেপণাস্ত্রের এই ব্যর্থতাই হতে পারে সম্ভাব্য কারণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছেন।

এতে ইউক্রেইনের অনেক ক্ষতি করতে পারলেও দেশটিকে এখনও বাগে আনতে পারেনি রাশিয়া। হামলার আগে যতটা দ্রুত সফলতা পাওয়ার কথা ভাবা হয়েছিল, তার কিছুই পারেনি পুতিনের দেশ। উল্টো বিভিন্ন স্থানে তীব্র প্রতিরোধের মুখে পড়ছে রুশ সেনারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন মার্কিন কর্র্মকর্তা ইউক্রেইন যুদ্ধে রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার কথা বললেও এর সপক্ষে কোনও প্রমাণ দেননি এবং ক্ষেপণাস্ত্রগুলোর এতো বেশি ব্যর্থতার হারের কারণ ঠিক কী হতে পারে সেটিও খোলাসা করেননি।

রয়টার্স যুক্তরাষ্ট্রের এই তথ্য নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। তাছাড়া, এ বিষয়ে ক্রেমলিন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থতার হার কত হলে সেটি অনেকখানি ব্যর্থ ধরা হবে তা রয়টার্স নির্ধারণ করতে পারেনি। তবে রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়া দুই বিশেষজ্ঞ বলেছেন, ব্যর্থতার হার ২০ শতাংশ বা তার বেশি হলে তাকে অনেক বেশি ব্যর্থ বলা যাবে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, পেন্টাগনের হিসাব অনুযায়ী- আগ্রাসন শুরুর পর রাশিয়া ইউক্রেইনে সব ধরনের ১,১০০’র বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তার মধ্যে ঠিক কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং কতগুলো ব্যর্থ হয়েছে তা এখন পর্যন্ত বলেননি মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে, তিন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারণা, রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। কারণ, কোন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে, তার ওপর নির্ভর করে ব্যর্থতার হার; সেটি কখনও কখনও ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

তিন মার্কিন কর্মকর্তার মধ্যে দুইজন বলেছেন, কিছু রুশ ক্ষেপণাস্ত্র সর্বাধিক ৬০ শতাংশ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এছাড়া, একজন কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা তথ্যে দেখা গেছে, আকাশ থেকে নিক্ষেপণযোগ্য রুশ ক্ষেপণাস্ত্রগুলো দিনভেদে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

সেন্টার ফর স্ট্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিংক ট্যাংকের মিসাইল ডিফেন্স প্রজেক্ট বলছে, রাশিয়া দুই ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে কেএইচ-৫৫৫ এবং কেএইচ-১০১। এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করার সময় সেটি ব্যর্থ হতে পারে কিংবা উৎক্ষেপণের পর বিস্ফোরিত হতেও ব্যর্থ হতে পারে।