কথার শর: ভাষণকে যেভাবে হাতিয়ার করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট
ইউক্রেইনের রণাঙ্গনে দেশটির সেনাবাহিনী যখন জানপ্রাণ দিয়ে লড়ছে, ঠিক সেই সময় তথ্যযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের প্রেসিডেন্ট। পশ্চিমা দেশগুলোর রাজধানীতে বক্তৃতা দিয়ে দিয়ে ঠিক করে দিচ্ছেন আলোচনার বিষয়বস্তু।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাত্র দুই সপ্তাহে দশটি দেশের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, তার বক্তব্যের পর দাঁড়িয়ে সম্মান জানানো হয়েছে সব জয়েগাতেই।
সেসব ভাষণ বিশ্লেষণ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনের যুদ্ধকালীন নেতার বাক-কৌশল বোঝার চেষ্টা করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
অবরুদ্ধ রাজধানী কিইভ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি বক্তৃতা করেন জেলেনস্কি, পরনে থাকে একটি জলপাই রঙা টি-শার্ট এবং মুখে না কামানো দাড়ি, প্রায়ই শেষ করেন দুই হাত জোড় করে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে।
যখনই দর্শক-শ্রোতার প্রান্তে হাততালি শুরু হয়, তিনি পর্দা থেকে সরে যান। অবশ্য তার অনেক ব্যস্ততা, বাস্তবিক অর্থেই একটি দেশের টিকে থাকার লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জনাথন ইয়াল বিবিসিকে বলেন, “তিনি জানেন কীভাবে দেশের চেতনাকে প্রকাশ করতে হয়। শুধু বক্তব্যের মধ্যে দিয়ে নয়, বরং যেভাবে তিনি পর্দায় আসছেন, ভাষণের সময়ে পেছনের সজ্জা, তিনি আসলে বলছেন সবকিছু দিয়েই।”
গত ৩ মার্চ লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়ে জেলেনস্কির এই বক্তৃতামালার শুরু হয়েছিল। তার প্রতিটি বক্তৃতার একটিই জরুরি লক্ষ্য- আন্তর্জাতিক সমর্থন আদায় করা। প্রেসিডেন্ট জেলেনস্কি নেই লক্ষ্য অর্জনের পথ চলছেন দারুণভাবে গোছানো একগুচ্ছ ধারাবাহিক বার্তা দেওয়ার মাধ্যমে।
নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের ভাষণে জেলেনস্কি স্মরণ করেছেন বার্লিন প্রাচীরের পতন থেকে নাইন-ইলাভেনের হামলার কথা, বলেছেন ঐতিহাসিক জাতীয় অর্জন আর বেদনার কথা।
প্যারিসে তিনি ফরাসিদের শুনিয়েছেন তাদেরই জাতীয় শ্লোগান - ‘লিবেরতে, ইগালিত্তে, ফ্রাতেরনিত্তে’ অর্থাৎ ‘স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব’। জাপানিদের তিনি স্মরণ করিয়ে দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনবিক বোমা হামলার ভয়াবহতার কথা।
এসব রেফারেন্স অস্পষ্ট কোনো ইংগিত নয়। এগুলো আবেগের মর্মমূলে খোঁচা দেওয়ার মত।
আর প্রেসিডেন্ট জেলেনস্কি তার মূল বক্তব্যে আসতে মোটেও সময় নষ্ট করেন না। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণের প্রথম মিনিটেই তিনি ইউক্রেইনের ১৩ দিনের যুদ্ধকে ব্যাটেল অব ব্রিটেনের সঙ্গে তুলনা করেন; দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী বাহিনীর আক্রমণ থেকে ব্রিটেনকে রক্ষার জন্য সেই যুদ্ধ লড়তে হয়েছিল ব্রিটিশদের।
শেক্সপিয়রের পংক্তি (টু বি অর নট টু বি) ব্যবহার করে জেলেনস্কি পৌঁছান উইনস্টন চার্চিলে। ব্রিটেনের যুদ্ধকালীন নেতার নাম তিনি নেননি, তার বদলে তিনি চার্চিলের ১৯৪০ সালের ৪ জুনের স্মরণীয় ভাষণকে ইউক্রেইনের প্রেক্ষাপটে বসিয়ে দিয়েছেন।
জেলেনস্কি সেদিন বলেন, “আমরা লড়ে যাবো জঙ্গলে, মাঠে, সৈকতে, নগরে ও গ্রামে, রাস্তায়, আমরা লড়বো পাহাড়ে।”
বিভিন্ন পার্লামেন্টে তার ভাষণের সংখ্যা যত বাড়ছে, আরও কঠিন শব্দ ও সরাসরি বার্তাও উঠে আসছে। যথেষ্ঠ সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে পশ্চিমা দেশগুলোর সরকারকে কড়া কথা শোনাতেও পিছ পা হচ্ছেন না ইউক্রেইনের প্রেসিডেন্ট, যিনি কয়েক বছর আগেও ছিলেন একজন জনপ্রিয় কমেডিয়ান।
ছবি: নিউ ইয়র্ক টাইমস
ইউনিভার্সিটি অব অটোয়ার পাবলিক ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক নাওমি ক্ল্যারি ল্যাজার বলেন, “প্রতিটি ভাষণেই তিনি (জেলনস্কি) প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তুমি কেমনতর মানুষ হে? তোমার দেশই বা কেমন? এখনই যদি তোমরা কিছু করে না দেখাও, সেটা তো তোমাদেরই লজ্জা!”
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি পার্ল হারবার, মার্টিন লুথার কিং এবং মাউন্ট রাশমোরের প্রসঙ্গ টেনে মার্কিন আইনপ্রণেতাদের রীতিমত কূটনীতিবর্জিত ভাষায় ভর্ৎসনা করেন।
তিনি খুব স্পষ্ট এবং তীক্ষ্ণ একটি প্রশ্ন ছুড়ে দেন, “আমরা একটি পদক্ষেপ নিতে বলেছিলাম, সন্ত্রাসের জবাব দিতে বলেছিলাম। সেটা কি খুব বেশি চাওয়া ছিল?”
মঙ্গলবার ইতালিয়ান চেম্বার অব ডেপুটিসে দেওয়া ভাষণে জেলেনস্কি আবারও তার দর্শক-শ্রোতাদের লজ্জায় ফেলে দেন। তিনি খোঁচা দিয়ে বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্টরা তো ইতালিতেই ছুটি উপভোগ করেন।
তারপরই তার সতর্কবাণী আসে: “খুনিদের আশ্রয়দাতা হবেন না।”
অধ্যাপক ল্যাজার বলেন, কোনো উসকানি ছাড়াই যুদ্ধের কবলে পড়ে যাওয়া একটি দেশের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি এই ধরনের ভাষা ব্যবহারের অধিকার অর্জন করেছেন।
“আপনি কখনোই একটি দেশের আইনসভায় গিয়ে তাদের মুখের ওপর বলতে পারেন না যে ‘তোমাদের লজ্জা হওয়া উচিত’, যদি না আগেই নিজেকে একটি নৈতিক অবস্থানে আপনি নিতে না পারেন।”
বিনা উস্কানিতে আগ্রাসনের শিকার একটি দেশের নেতা হিসেবে একটি অনন্য প্রেক্ষাপট পেয়েছেন জেলেনস্কি। আর সম্ভবত সে কারণেই তিনি মনে করেন, তার শ্রোতাদের মধ্যে যদি কোনো ধরনের তুষ্টিবোধ কাজ করে, তাহলে সেটাকে ঝাঁকুনি দেওয়ার দরকার।
চ্যাথাম হাউজের ওরিসিয়া লুৎসেভিচ বলেন, “আমার ধারণা, তিনি (জেলেনস্কি) ও তার দলের মধ্যে এক ধরনের হতাশাবোধ রয়েছে। তাদের হয়ত মনে হচ্ছে, ইউক্রেইনের পরিস্থিতি অন্য দেশগুলোকে যথেষ্ট নাড়া দিতে পারেনি।”
ছবি রয়টার্স
জেলেনস্কির প্রতিটি ভাষণেই সহ-লেখক হিসেবে আছেন তার ঘনিষ্ট সহচর দিমিত্র লিৎভিন। আর প্রতিটি ভাষণই দেশে দেশে মন্ত্রমুগ্ধ শ্রোতা পেয়েছে। বিদেশি রাজনীতিবিদরা তার অপ্রচলিত অথচ স্পষ্ট ভাষার বক্তব্যে শিহরিত হয়েছেন। ইউক্রেইনের নেতার ক্ষোভে অস্বস্তি বোধ করেছেন।
অবশ্য প্রেসিডেন্ট জেলেনস্কি তার নিজের দেশের মানুষের উদ্দেশ্যেও বক্তব্য দিয়ে যাচ্ছেন।
তিনি ইউক্রেনীয় ভাষায় বক্তৃতা করছেন এবং সেইসব কেতাদুরস্ত পোশাকের ধার ধারছেন না, যেগুলো এ ধরনের রাজনৈতিক পরিমণ্ডলে নেতারা পরে থাকেন।
বিবিসি লিখেছে, একজন রাজনীতিবিদের জন্য এটি একটি লক্ষ্যণীয় পরিবর্তন, যার জনমর্থন যুদ্ধ শুরুর আগে দ্রুত কমে আসছিল।
যুদ্ধ শুরুর আগ পর্যন্ত, জেলেনস্কির কমিক অভিনেতার অতীত পরিচয় তার জন্য এক ধরনের বোঝা হয়ে উঠেছিল। যুদ্ধ শুরুর পর সেটাই তার সম্পদে পরিণত হয়েছে।
অধ্যাপক ল্যাজার বলেন, “কৌতুক শিল্পীরা তাদের দর্শক-শ্রোতাদের সঙ্গে খুব অন্তরঙ্গ একটি যোগাযোগ গড়তে পারেন। কোন বিষয়টি শ্রোতাদের অস্বস্তিতে ফেলছে, কোনটি তাদের হাসাচ্ছে, এটা বোঝার এক বিশেষ ধরনের ক্ষমতা তাদের তৈরি হয়।”
তিনি বলেন, জেলেনস্কি বিদেশের নাগরিকদের মধ্যে দিয়ে তাদের সরকারের প্রতি চাপ সৃষ্টির চেষ্টা করছেন। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি যা আশা করছেন, তার মূল্য আসলেই যথেষ্ট চড়া।
ছবি: রয়টার্স
বিবিসি লিখেছে, দেশে দেশে আইনসভাগুলোতে ভার্চুয়াল ভ্রমণে প্রেসিডেন্ট জেলেনস্কি শুধু সহানুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করছেন না।
ইউক্রেইন তার অস্তিত্ব রক্ষায় লড়ছে, এবং এই লড়াই চালিয়ে যাওয়া তখনই সম্ভব, যদি মিত্রদের কাছ থেকে বিপুল ও স্থায়ী সামরিক সহায়তাপ্রাপ্তি নিশ্চিত করা যায়।
সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রেসিডেন্ট জেলেনস্কি নেটোর প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছেন, ইউক্রেইনের আকাশে যেন নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করা হয়। তিনি জানেন যে তিনি কামানটি পাবেন না, তবে তিনি হয়ত পিস্তলটি পেতে পারেন।
চ্যাথাম হাউজের ওরিসিয়া লুৎসেভিচ বলেন, “তারা ‘নো-ফ্লাই জোন’ চাচ্ছেন এটা ভেবে যে, যদি সেটা না দেয়, তার পরিবর্তে মিত্ররা অন্য কিছুতো দিতে রাজি হবে। আমার ধারণা এটাই তার কৌশল।”
জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক গত মঙ্গলবার নো-ফ্লাই জোনের বিকল্পের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “দয়া করে নো-ফ্লাই জোন কার্যকর করুন, অথবা আমাদের ভরসা করার মত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিন।”
বিবিসি লিখেছে, ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা উন্নত করার উদ্যোগ এরইমধ্যে নিয়েছে মিত্ররা। পুরানো কিন্তু এখনও কার্যকর সোভিয়েত-আমলের সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
জনাথন ইয়ালের ভাষায়, জেলেনস্কির অবিরাম চাওয়ার ফল আসতে শুরু করেছে।
