‘গুরুত্বপূর্ণ’ বিষয়ে মতৈক্যের পথে রাশিয়া-ইউক্রেইন: দাবি তুরস্কের
একদিকে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন চলছে। অন্যদিকে, আলোচনার মাধ্যমে চলছে এ যুদ্ধ থামানোর চেষ্টা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বৈঠক করেছেন এবং তারা ‘গুরত্বপূর্ণ’ কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছানোর পথে রয়েছেন বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোলু।
তুর্কি দৈনিক হুরিয়াত কে দেওয়া এক সাক্ষাৎকারে কাভুসোলু যুদ্ধবিরতির বিষয়েও আশা প্রকাশ করেছেন। যদিও ইউক্রেইন বা রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
হুরিয়াতে রোববার কাভুসোলুর সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। রোববার সকালেই তুরস্কের আনতালিয়া শহরে বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ এবং ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বৈঠকে কাভুসোলুও উপস্থিত ছিলেন।
ল্যাভরভ এবং কুলেবার সঙ্গে আলোচনা করতে কাভুসোলু গত সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেইন সফরও করেছেন।
কোভুসোলু বলেন, ‘‘আমরা বলতে পারি, আমরা একটি যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী। যদিও কোনো পক্ষই বর্তমান অবস্থা থেকে এক পাও পিছিয়ে যেতে রাজি না।”এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
তবে আল জাজিরা টেলিভিশন কে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত ইব্রাহিম কালিন বলেন, চারটি মূল বিষয় নিয়ে দুই পক্ষ কাছাকাছি মতে উপনীত হয়েছে। ওই চারটি বিষয় কী কী তা তিনি খোলাখুলি করে বলেননি।
তবে রাশিয়ার চাহিদার কথা তিনি উল্লেখ করেছেন। বলেছেন, রাশিয়া ইউক্রেইনকে বলেছে, তাদের নেটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে, নিরস্ত্র হতে হবে এবং ইউক্রেইনে রুশ ভাষাভাষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্ব অবশ্য রাশিয়ার অভিযোগ তোলা ‘নব্য-নাৎসিবাদ’ এর বিষয়টি উড়িয়ে দিয়েছে।
নেটোর সদস্য তুরস্ক রাশিয়া এবং উইক্রেইন উভয় দেশের সঙ্গে কৃষ্ণ সাগরে সীমান্ত ভাগাভাগি করেছে। উভয় দেশের সঙ্গে তুরস্কের সুসম্পর্ক রয়েছে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাবও দিয়েছে।
তুরস্ক মৌখিকভাবে ইউক্রেইনের প্রতি তাদের সমর্থন যেমন জানিয়েছে, তেমনি আগ্রাসনের কারণে মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতাও করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তার দেশ রাশিয়া বা ইউক্রেইন কারো হাতই ছাড়বেন না। তিনি বলেন, ‘‘আঙ্কারার উভয় দেশের সঙ্গে আলোচানার সক্ষমতাকে সম্পদ বলে বিবেচনা করে।”
