২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের দ্রুত ইইউ সদস্য হওয়ার আশায় গুড়ে বালি

রাশিয়ার আগ্রাসনের কবলে থাকা ইউক্রেইন তাদের দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার আর্জি জানালেও চিড়ে ভেজেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 11:30 AM

Updated : 02 Aug 2022, 03:06 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, দ্রুত ইইউ সদস্য হওয়ার মাধ্যমে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে মিত্রদের সামরিক সহায়তা পাওয়ার আশা করছিল কিইভ। কিন্তু তাতে সাড়া মেলেনি।

ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনে ইউক্রেইনে রাশিয়ার হামলার নিন্দা জানানো হয়েছে। কিন্তু দ্রুত এ জোটের সদস্য করার বিষয়ে কিইভের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

শুক্রবার সম্মেলনের একটি অধিবেশনের শেষে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দরেস প্লেনকোভিচ বলেন, “কেউই রাতারাতি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারে না।”

সম্মেলনের সভাপতি চার্লস মিশেল কিইভের প্রতি সহানুভূতি ও নৈতিক সমর্থন জানিয়ে বলেন, “ইউক্রেইন ইউরোপীয় পরিবারের সদস্য।”

তবে ইউরোপের ২৭ দেশের এই জোটের অন্য নেতারা স্পষ্ট করে দিয়েছেন, ইউক্রেইনকে তড়িঘড়ি ইইউর সদস্যপদ দেওয়া হবে না।

প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বারবার ইউক্রেইনকে ইইউর সদস্য করে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন এবং এই জোটের পূর্ব ইউরোপের কয়েকটি সদস্য দেশও তার এই আহ্বানের প্রতি সহানুভূতিশীল।

ইইউর সম্প্রসারণের জোরালো বিরোধিতাকারী ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, ইইউর সদস্যপদ পাওয়ার কোনো ‘দ্রুততম প্রক্রিয়া’ নেই। তবে ইইউ কিইভের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার প্রক্রিয়া চালিয়ে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধের মধ্যে থাকা একটি দেশের জন্য কী আমরা সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া চালু করতে পারি? আমি তা মনে করি না। তাহলে আমরা কি দুয়ার বন্ধ করে দিতে চাই? আমি বলবো, কখনোই না। সেটাও ন্যয়সঙ্গত হবে না। আমরা কি এ অঞ্চলের ভারসাম্যের জায়গাগুলো ভুলে যেতে পারি? আসুন আমরা সতর্ক থাকি।”

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে সাধারণত বছরের পর বছর সময় লাগে এবং কঠোর শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি মুক্তকরণ, উদার মানবাধিকার নীতির প্রতি সম্মান দেখানোর মতো বিষয়গুলো জড়িত।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিতে অর্থনৈতিক অবরোধ আরোপ করে ইইউ এবং ইউক্রেইনের জন্য মানবিক সহায়তা ও অস্ত্র সরবরাহ শুরু করে।

কিন্তু ইইউর সদস্যপদ পাওয়ার বিষয়ে কিইভের আবেদন এবং রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিষয়ে জোটের মধ্যে বিভক্তি প্রকাশ্যে এসেছে।

রাশিয়ার তেল ও গ্যাস

রশিয়া যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পর এখন পর্যন্ত ইউক্রেইন থেকে ২০ লাখের বেশি মানুষ শরণার্থী হয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, কয়েক হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, এবং রুশ সেনারা দেশটির কয়েকটি শহর অবরোধ করে রেখেছে।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট বরার্ট মেতসোলা বলেন, “এটা একটা যুদ্ধাপরাধ।”

রয়টার্স লিখেছে, ইইউর কয়েকজন নেতা রাশিয়ার তেল ও গ্যাসের ওপর কঠোর অবরোধ আরোপের কথা বলেছেন। এমনকি যদি তাতে ইউরোপের দেশগুলোর ক্ষতি হয়, তারপরেও এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রাশিয়ার সীমান্তবর্তী ইইউ সদস্য দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিসইয়ানিস কারিনস বলেন, রাশিয়ার তেল ও গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়াই প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে আনার সবচেয়ে কার্যকর পথ। আর ইইউর উচিত আরও দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।

রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে কোন মন্তব্য করেননি জার্মিনর চ্যান্সেলর উলাফ শুলজ। ব্রিটেন এরইমধ্যে ওই প্রস্তাব নাকচ করেছে। জার্মানির মোট গ্যাস ও তেলের চাহিদার এক-তৃতীয়াংশের যোগান আসে রাশিয়া থেকে।

অবশ্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন বলেছেন, ২০২৭ সালের মধ্যে ইইউর উচিত রাশিয়ার জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করা। এ বিষয়ে মে মাসের মাঝামাঝি তিনি একটি রূপকল্প দেবেন বলেও জানিয়েছেন।