কিইভ থেকে ‘রুশ বাহিনী মাত্র ১৫ কিলোমিটার দূরে’
রাশিয়ার আগ্রাসী বাহিনী ইউক্রেইনের রাজধানী কিইভের আরও কাছে এগিয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী উত্তরপশ্চিম দিক থেকে আরও ৫ কিলোমিটার এগিয়ে এখন কিইভ শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি, খবর বিবিসির।
ওই কর্মকর্তা আরও জানান, উত্তরপূর্ব দিক থেকে এগোতে থাকা রুশ বাহিনী নগরীটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রয়েছে।
কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে কিইভের কাছাকাছি থাকা রাশিয়ার একটি সামরিক বহরের বাহিনীগুলোকে নিকটবর্তী এলাকাগুলোতে ফের অবস্থান নিতে দেখা গেছে। এটি ইউক্রেইনের রাজধানীতে নতুন করে অভিযান চালানোর ইঙ্গিত বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের তথ্য অনুযায়ী, শেষবার এই বহরটিকে নিকটবর্তী আন্তোনভ বিমানবন্দরের উত্তরপশ্চিমে আশপাশের শহরগুলোতে গিয়ে অবস্থান নিতে দেখা গেছে।
ম্যাক্সার বলেছে, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে সামরিক বহরটির অন্যান্য অংশকে উত্তরে লুবিয়াঙ্কা শহরের কাছে অবস্থান নিতে দেখা গেছে। বাহিনীগুলো সেখানে আশপাশের এলাকায় কামান বসাচ্ছে বলে জানিয়েছে তারা।
কিইভের উত্তরপূর্ব দিকের চেরনিহিভ শহরটি এখন অন্যান্য এলাকাগুলো থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে বলে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, ইউক্রেইনে আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার বাহিনীগুলো এ পর্যন্ত বিভিন্ন ধরনের ৭৭৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
বৃহস্পতিবার কিইভের মেয়র বলেছেন, সশস্ত্র বেসামরিকরা শহরটি রক্ষা করছে এবং রাজধানী মূলত একটি দুর্গে পরিণত হয়েছে।
রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে স্পর্শকাতর ডেটা ও সার্ভার ইউক্রেইনর সীমানার বাইরে ভিন্ন কোনো দেশে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। নীতিনির্ধরণী পর্যায়ের সবুজ সংকেত পেলেই এ কার্যক্রম শুরু হবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির এক ঊর্ধ্বতন সাইবার নিরাপত্তা কর্মকর্তা।
