২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিইভের কাছে ইউক্রেইনীয় সেনাবাহিনীর ‘পাল্টা হামলা’

রাজধানী কিইভকে রক্ষার জন্য ইউক্রেইনীয় সেনাবাহিনী রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম স্পিলেনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 01:09 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম দেনিসেঙ্কোকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে তারা, জানিয়েছে বিবিসি।

“রাতটি খুব কঠিন ছিল, কিন্তু সাধারণভাবে আমরা বলেতে পারি, কিইভের কাছে ইউক্রেইনের সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়েছে।

“আমরা এক সারিতে পাঁচটি ট্যাঙ্ক রেখে ব্যুহ রচনা করেছি। সকালে কিইভের পশ্চিম প্রান্ত থেকে গোলাগুলির লড়াইয়ের শব্দ পাওয়া গেছে। এখন সেখানে লড়াই হচ্ছে। তবে এখনও বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।”

ইউক্রেইনের রাষ্ট্রীয় জরুরি বিভাগ (এসইএস) জানিয়েছে, বুধবার রাতে খারকিভ শহরের কাছে একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর গোলাবর্ষণে দুটি শিশুসহ চার জন নিহত হয়েছে। 

ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলের স্লোবজাইনস্কা গ্রামে হামলাটি হয়েছে এবং এ হামলায় আহত পাঁচ বছর বয়সী একটি শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তারা। 

ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনতে বৃহস্পতিবারও তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে এসইএস।

পৃথক আরেক বোমা হামলার ঘটনায় খারকিভের কেন্দ্রস্থলে একটি শপিং মলে আগুন ধরে যায় বলে জানা গেছে।

ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইউক্রেইনের বিভিন্ন অংশে রাশিয়ার বাহিনীর অগ্রগতি ধীর হয়ে গেছে। রুশ বাহিনীর কিইভমুখি যাত্রা আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। 

ইউক্রেইনের সামরিক বাহিনী দেশটির পূর্বাঞ্চলে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলে ও অন্যান্য অঞ্চলে রাশিয়ার বাহিনীগুলোকে প্রতিরোধ করে যাচ্ছে বলে দাবি করেছে তারা।

তবে ইউক্রেইনীয় কর্মকর্তাদের এসব দাবি বিবিসি যাচাই করে দেখতে পারেনি।