২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ছাড়ছে মার্কিন গণমাধ্যমগুলো

রাশিয়ায় পাস হওয়া নতুন এক আইনের পর দেশটিতে কার্যক্রম বন্ধ রাখা পশ্চিমা গণমাধ্যমের সারি দীর্ঘ হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 11:40 AM

Updated : 25 Jul 2022, 04:40 PM

বিবিসির মার্কিন সম্প্রচারমাধ্যম অংশীদার সিবিএস নিউজ এবং এবিসি নিউজও এ তালিকায় যুক্ত হয়েছে।

ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত নতুন ওই আইনে ইউক্রেইন যুদ্ধ নিয়ে ‘ভুয়া খবর’ ছড়ানোর দায়ে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

বিবিসি বলছে, আইনটি ‘কার্যত’ রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতার পথ বন্ধ করে দেবে; দেশটিতে সংবাদমাধ্যমগুলোকে ইউক্রেইনের চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করারও অনুমতি দেওয়া হয় না।

সিবিএসের এক মুখপাত্র রাশিয়ায় সম্প্রচার বন্ধের কথা জানিয়ে বলেছেন, “নতুন গণমাধ্যম আইনের পর সেখানে থাকা আমাদের দলের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি আমরা।”

এবিসিও তাদের কাজ বন্ধ রাখার জন্য রাশিয়ার নতুন আইনের কথা উল্লেখ করেছে।

“পরিস্থিতির মূল্যায়ন ও সেখানে থাকা আমাদের দলের নিরাপত্তার জন্য এটি (আইন) কী অর্থ বহন করে তা নির্ধারণ করা দরকার,” বলেছে তারা।

শুক্রবার আগের দিকে বিবিসি, সিএনএন ও ব্লুমবার্গও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়।

মিডিয়ার ওপর নজরদারি করা রুশ কর্তৃপক্ষগুলো এরই মধ্যে দেশটিতে ফেইসবুক, টুইটার, ইউটিউব ও স্থানীয় স্বাধীন গণমাধ্যমগুলোর কার্যক্রমেও লাগাম টেনে ধরেছে।

এর পাশাপাশি মাইক্রোসফট, স্যামস্যাং, এলভিএমএইচসহ অনেকগুলো পশ্চিমা কোম্পানিও রাশিয়ায় বিক্রি বন্ধ করে দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।