রাশিয়া ইউক্রেইনে গুচ্ছ বোমা ব্যবহার করছে: নেটো
নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলছেন, ইউক্রেইনে আগ্রাসনে রাশিয়া যে গুচ্ছ বোমা ব্যবহার করছে, তার প্রমাণ আছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ক্লাস্টার (গুচ্ছ) বোমা ব্যবহার হতে দেখেছি। আরও অন্য ধরনের অস্ত্রও ব্যবহার হওয়ার খবর পেয়েছি, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।“
ইউক্রেইনে বিমান ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠা করা কিংবা সে দেশে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা পশ্চিমা সামরিক জোট নেটোর নেই বলে জানান স্টলটেনবার্গ।
তবে ইউক্রেইনকে অন্যভাবে সাহায্য করবেন বলে জানান তিনি । একইসঙ্গে ইউক্রেইনে এই আগ্রাসনের অবসান ঘটানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও আহ্বান জানিয়েছেন স্টলটেনবার্গ।
