২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল: রুশদেরকে প্রতিবাদের আহ্বান জানালেন জেলেনস্কি

কয়েক ঘণ্টার তীব্র লড়াই আর গোলাবর্ষেণে জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার সেনাদের দখলে চলে যাওয়ার পর এর বিরুদ্ধে রুশ নাগরিকদেরকে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Mar 2022, 06:32 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

ইউক্রেইন কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, তুমুল লড়াইয়ের সময় জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। এতে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। পরে আগুন নেভানো হয়।

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি টিভিতে এক ভাষণে বলেছেন, “রাশিয়ার জনগণ, আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই: এটা কি করে সম্ভব? সর্বোপরি আমরা একসঙ্গে ১৯৮৬ সালে চেরনোবিল বিপর্যয়ের বিরুদ্ধে লড়েছিলাম।”

“আপনারা রাস্তায় নামুন এবং আপনাদের সরকারকে বলুন যে, আপনারা বাঁচতে চান, আপনারা তেজক্রিয় দূষণ মুক্ত পৃথিবীতে বাঁচতে চান। তেজস্ক্রিয়তা জানে না রাশিয়া কোথায়, তেজস্ক্রিয়তা জানে না আপনাদের দেশের সীমান্ত কোথায়।”

জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার জন্য রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ইউক্রেনীয় নাশকতাকারীদের দোষারোপ করেছে এবং একে ‘ভয়াবহ উস্কানি’ আখ্যা দিয়েছে।

তবে রাশিয়ার সেনারা এর আগে গত সপ্তাহে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পরপরই সেখানকার পরিত্যাক্ত চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখল করে। যে কেন্দ্রে ১৯৮৬ সালে বড় ধরনের দুর্র্ঘটনায় ইউরোপের বেশিরভাগ অংশজুড়ে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়েছিল।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, জেপোরোজিয়া ভিন্ন এবং নিরাপদ ধরনের পারমাণবিক প্ল্যান্ট। তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, “এখন চুপ করে থাকার সময় নয়।”

“বিস্ফোরণে ছড়িয়ে পড়া জ্বলন্ত গ্রাফাইট এবং এর শিকার যারা হয়েছেন তাদের কথা আপনাদের স্মরণ রাখতে হবে। ধ্বংস হয়ে যাওয়া পাওয়ার ইউনিটগুলোর দ্যুতির কথাও স্মরণে রাখতে হবে। এগুলো আপনারা কীভাবে ভুলবেন? আর যদি ভুলে না থাকেন, তাহলে আপনাদের চুপ থাকাও উচিত হবে না,” বলেন তিনি।

সতর্ক করে দিয়ে জেলেনস্কি বলেছেন, জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলায় ‘ছয়টি চেরনোবিল’ বিপর্যয়ের সমান ধ্বংসযঞ্জ হতে পারে।

জেলেনস্কি জানান, তিনি বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। বিশ্ব নেতারা জেপোরোজিয়ায় যা ঘটছে তাতে স্তম্ভিত হয়েছেন।

ইউক্রেইনে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা করা এবং ‘পারমাণবিক শক্তিধর সন্ত্রাসী রাষ্ট্রের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্ব নেতাদেরকে আহ্বান জানাচ্ছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি।