২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলা, কিয়েভ দখলে যেভাবে এগুচ্ছে রাশিয়া

ইউক্রেইনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে রুশ বাহিনীর হামলার তীব্রতা বেড়েছে। উত্তর, পূর্ব এবং দক্ষিণে সপ্তম দিনের মতো হামলা বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 12:58 AM

Updated : 25 Oct 2022, 10:17 AM

দক্ষিণাঞ্চলের মারিওপোল বন্দরে কয়েকঘণ্টার গোলা হামলায় শত শত মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শহরের উপ-মেয়র।

উত্তরপূর্বের খারকিভে ছত্রীসেনারা নামার পর তুমুল লড়াই চলার খবর জানিয়েছে ইউক্রেইন। দক্ষিণে খারসন বন্দর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

তবে খারসনের মেয়র এমন দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, খারসনের নিয়ন্ত্রণ ইউক্রেইন বাহিনীর হাতেই আছে। ওদিকে, রাজধানী কিয়েভের উত্তরে প্রায় ১৫ মাইলের মধ্যে রয়েছে ৪০ মাইল লম্বা রুশ সাঁজোয়া বহর।

গত বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেইনে পূর্ব, উত্তর ও দক্ষিণ- তিনদিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া। তখন থেকে ইউক্রেইনে ঢুকেছে আরও রুশ সেনা, দেশজুড়ে বিভিন্ন নিশানায় বিমান এবং গোলা হামলাও হয়েছে।

যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণকারী ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ এই কয়েকদিনে ইউক্রেইনের কতটুকু রাশিয়ার দখলে এসেছে, রুশ সেনারা কীভাবে ইউক্রেইনের বিভিন্ন শহরে অগ্রসর হচ্ছে, কিয়েভ দখলে কীভাবে লড়ছে তা মানচিত্র দিয়ে উপস্থাপন করেছে। তাদের সেই পর্যবেক্ষণ তুলে ধরেছে বিবিসি।

কিয়েভ দখলের লড়াই:

রাশিয়ার সেনারা কিয়েভে এগুচ্ছে উত্তর দিক থেকে। যদিও গত ২৪ ঘণ্টায় তাদের গতি আরো কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের পথে চলা রাশিয়ার ৪০ মাইল লম্বা সাঁজোয়া বহরের কয়েকটি যান ভেঙে পড়ার কারণে তাদের যাত্রা শ্লথ হয়ে পড়েছে।

তবে কিয়েভে বিমান থেকে মুহুর্মূহু হামলা চলছে। মঙ্গলবার কিয়েভের টিভি টাওয়ারে রুশ সেনাদের হামলায় ৫ জন নিহত হয়েছে।

হস্তমেল বিমানবন্দরে প্রচণ্ড লড়াই চলছে। গত কয়েকদিনে সেখানে কখনও এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী, কখনও ইউক্রেইনীয় সেনারা।

বিবিসি জানায়, রাশিয়ার বাহিনী শুক্রবার কিয়েভ উপকণ্ঠে অবোলোনে পৌঁছায়। শনিবার ও রোববার মূল লড়াই হয়েছে কিয়েভের উত্তর-পশ্চিমাংশে। তবে এখন পর্যন্ত রাজধানীতে রাশিয়ার ট্যাংক বা সাঁজোয়া যান দেখা যায়নি।

উত্তর দিক থেকে হামলা:

রাশিয়ার বাহিনী তিনদিক থেকে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। উত্তরে তারা রাশিয়া-বেলারুশ-ইউক্রেইন এই তিন দেশের জংশনে অবস্থিত সেনকিভকা শহর দিয়ে কিয়েভের দিকে এগুচ্ছে।

মঙ্গলবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ দিক দিয়ে রাশিয়ার সেনাবাহিনীর বিশাল একটি বহর কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। ওই বহর এখন রাজধানী থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আছে।

সাঁজোয়া ওই বহরে ট্যাংক এবং বিভিন্ন ধরনের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। তারা চেরনিহিভ দিয়ে অগ্রসর হচ্ছে। যদিও সেখানে তাদের ইউক্রেইন বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। চেরনিহিভে রুশ বাহিনী ভারি গোলা বর্ষণ করলেও এখনও শহরের নিয়ন্ত্রণ হাতে পায়নি।

তার থেকে বরং পশ্চিমে নিপার নদীর দিক দিয়ে চেরনোবিল হয়ে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হয়েছে এবং কিয়েভের উত্তর ও পশ্চিম দিকের বেশ বড় এলাকার দখলে নিয়েছে।

পূর্ব দিক দিয়ে হামলা:

ইউক্রেইন জানায়, গত কয়েকদিন আকাশ থেকে ভারি বোমা বর্ষণের পর রাশিয়ার ছত্রীবাহিনী খারকিভে নেমেছে। বুধবার নগরীর মেয়র জানান, আকাশ হামলায় নগরীতে ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

খারকিভে একটি বিশ্ববিদ্যালয় ভবনে রাশিয়া প্রথমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আর গত রোববার থেকে সেখানে রুশ বাহিনীর সঙ্গে মূল যুদ্ধ শুরু হয়। তবে নগরীর নিয়ন্ত্রণ এখনো তারা নিতে পারেনি।

নানা ছবিতে দেখা যায়, রুশ বাহিনী খারকিভ শহরের রাস্তায় রকেট চালিত গ্রেনেড ছুড়ছে। এছাড়া সাঁজোয়া যানের পেছনে রুশ সেনারা পায়ে হেঁটে চলছে।

দক্ষিণ দিক দিয়ে হামলা:

রাশিয়ার সেনাবাহিনী ক্রিমিয়া দিয়ে দ্রুত এগিয়েছে এবং সেখান থেকে পশ্চিমে খারসন এবং পূর্বে মারিওপোল নগরীর দিকে এগিয়েছে।

রুশ সেনাবাহিনী জানায়, তারা মঙ্গলবার রাতে খারসনে প্রবেশ করে। বুধবার সকালে তারা দক্ষিণের নগরীটি দখল করে নেয় বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

বন্দর নগরী মারিওপোলেও প্রচণ্ড গোলা বর্ষণ হচ্ছে। নগরীটি ইউক্রেইনের প্রধান বাণিজ্যিক বন্দর। মেয়র বলেন, রুশ বাহিনী চারদিক থেকে মারিওপোল কে ঘিরে ফেলতে চাইছে।

যদি তারা মারিওপোল দখল করে পূর্ব দিকে অগ্রসর হয় তবে ক্রিমিয়া থেকে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা দোনেৎস্ক এবং লুহানস্কের সঙ্গে ভূমিতে সরাসরি যোগাযোগের একটি লম্বা পথ তৈরি হবে।

আগ্রাসন শুরুর পরপরই রাশিয়া কৃষ্ণ সাগর এবং আজভ সাগরে ইউক্রেইন উপকূলে তাদের যু্দ্ধজাহাজ নোঙর করে রেখেছে। ওই জাহাজগুলো ট্যাংক, সাঁজোয়া যান এবং সেনা বহনে সক্ষম।

হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে:

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নের হিসাব অনুযায়ী, ইউক্রেইন থেকে ৪০ লাখের বেশি মানুষ প্রতিবেশী পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলডোভায় আশ্রয় নিতে ছুটছেন।