২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন-রাশিয়ার আলোচনায় ভ্যাটিকানের সাহায্যের প্রস্তাব

যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেইন এবং রাশিয়ার মধ্যকার আলোচনায় সহায়তা করতে ইচ্ছুক ভ্যাটিকান। সেখানকার শীর্ষ কূটনীতিক কার্ডিনাল পিয়েত্রো পারোলিন একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 07:03 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

সিএনএন জানায়, ভ্যাটিকানে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের পরই এক নম্বর কর্মকর্তা হচ্ছেন পারোলিন।

ইতালির কোরিয়ার ডেলা সেরা পত্রিকাকে সোমবার তিনি বলেছেন, “ইউক্রেইনে রাশিয়া যুদ্ধ শুরু করলেও তার বিশ্বাস, “আলোচনার সুযোগ এখনও আছে এবং সবসময়ই আছে। আলোচনার জন্য দেরি কখনওই হয় না।”

পারোলিন বলেন, ভ্যাটিকান খুবই মনযোগ সহকারে ইউক্রেইনের ঘটনাবলী নজরে রাখছে এবং তারা রাশিয়ার সঙ্গে ইউক্রেইনের আলোচনায় সাহায্য করতে আগ্রহী থাকার প্রস্তাব দিচ্ছে। তারা দুপক্ষকেই এই পথের সূচনা করার জন্য সাহায্য করতে সবসময় প্রস্তুত।

আলোচনাই মতভেদ অবসানের “একমাত্র যৌক্তিক এবং ফলপ্রসু পথ” বলে উল্লেখ করেন তিনি।

ভ্যাটিকানে ইউক্রেইনের রাষ্ট্রদূতও এর আগে ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, কিয়েভ ভ্যাটিকানের মধ্যস্থতার জন্য দ্বার খোলা রেখেছে। ভ্যাটিকানকে বৈঠক অনুষ্ঠানের জন্যও খুব ভাল স্থান বলে মন্তব্য করেছিলেন তিনি।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পঞ্চম দিনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা সোমবার বেলারুশে শুরু হয়েছে। কোনও পূর্বশর্ত ছাড়াই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে ইউক্রেইন জানিয়েছে।