২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের পিত্রপোলিসে বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১১৭

ব্রাজিলের ঔপনিবেশিক আমলের শহর পিত্রপোলিসে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 02:18 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

অঞ্চলটিতে প্রায় এক শতাব্দীর মধ্যে দেখা সবচেয়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালেও সেখানে ৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার কারণে মাটি আরও নাজুক হওয়ার পাশাপাশি জীবিতদের উদ্ধারের চেষ্টা ও ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাতে আরও ৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা অনুমান করছেন।

“এখানে অন্তত ৬টি শিশু, আশপাশের এলাকায় আরও অনেকে থাকতে পারেন; আমাদের অনুমান, ১০ জনের বেশি এখানে চাপা পড়েছেন, আমাদের সাহয্য দরকার,” বলেছেন শহরটির এক বাসিন্দা ফাবিও আলভেস, তার এলাকায় উদ্ধারকারীরা অনুসন্ধান চালায়নি বলেও জানিয়েছেন তিনি।

বৃষ্টি, বন্যার কারণে ৭০০-র বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে স্থানীয় বিভিন্ন স্কুল ও অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে।

রিউ দি জানেইরুর গভর্নর ক্লাউদিও ক্যাস্ত্রো বুধবার দুর্যোগের ক্ষয়ক্ষতিকে যুদ্ধবিধ্স্ত অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন।

“স্ত্রীকে খুঁজে পাওয়ার আশায় আমি এখানে আছি। আমি নিশ্চিত সে এখানেই। নিচের প্রতিবেশী জানিয়েছেন. কাদার স্রোত যখন আঘাত হানে তখন সে (স্ত্রী) ব্যালকনিতে ছিল,” বলেছেন আরেক বাসিন্দা মার্সেলো বারবোসা।

ভয়াবহ এ দুর্যোগে নিখোঁজের সংখ্যা নিয়ে পুলিশ ও প্রসিকিউটরের কার্যালয়ের কাছ থেকে দুই ধরনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ বলছে, খোঁজ পাওয়া যাচ্ছে না এমন মানুষ শতাধিক। প্রসিকিউটরের কার্যালয়ের হিসাবে নিখোঁজ অন্তত ৩৫ জন। 

ব্রাজিলের পিত্রপোলিসে ভারি বৃষ্টি, বন্যায় ৯৪ জনের মৃত্যু  

একের পর এক নতুন মৃতদেহ এলেও আগের মরদেহগুলো পরিবারের সদস্যদের শনাক্তের অপেক্ষায় থাকায় বৃহস্পতিবার স্থানীয় মর্গ ব্যাকআপ হিসেবে হিমায়িত একটি ট্রাক ব্যবহারে বাধ্য হয়েছে।

অল্প আলোর মধ্যে ভেজা মাটিতে জীবিতদের খোঁজে রাতভর কাজ করেছেন রিও ডি জেনেইরোর বেসামরিক প্রতিরক্ষা প্রধান লিয়েন্দ্রো মনতেইরো। তার মতো আরও পাঁচশর বেশি উদ্ধারকর্মী, প্রতিবেশী ও নিখোঁজদের আত্মীয়রা তাদের প্রিয়জনের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

“এখানে ৪৪ বছর ধরে বাস করছি, এমনটা কখনো দেখিনি। আমার সব বন্ধু নেই হয়ে গেছে, তারা সবাই মৃত, সবাই মাটিচাপা পড়েছে,” বলেছেন বাসিন্দা মারিয়া হোসে দান্তে ডি আরাউজো।

কেবল মঙ্গলবারের বৃষ্টিই শহরটির ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাতকে টপকে যায়, যার কারণে কাদা একাধিক সড়ক ছেয়ে ফেলে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করে, গাড়ি-বাস ভাসিয়ে নিয়ে যায়।

রিউ দি জানেইরু রাজ্যের পাহাড়ে অবস্থিত পর্যটকপ্রিয় পিত্রপোলিসে ১৯৩২ সালের পর এটাই সবচেয়ে ভারি বৃষ্টিপাত।

‘রাজকীয় শহর’ হিসেবে সুপরিচিত পিত্রপোলিস ছিল ১৯ শতকে ব্রাজিলের রাজপরিবারের গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো রাশিয়া ও হাঙ্গেরি সফরের পর দেশে ফিরেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাটিতে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন; সেখানকার লোকজনের সহায়তায় ও অঞ্চলটির পুনর্নির্মাণ শুরু করতে কেন্দ্রীয় সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি।

গত বছরের ডিসেম্বর থেকেই ব্রাজিলের অনেক এলাকায় ভারি বৃষ্টিপাত ও এর কারণে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা গেছে।

তুমুল এ বৃষ্টি ফসল সংগ্রহকে হুমকির মুখে ফেলেছে, রিও’র উত্তরে অবস্থিত মিনাস জেরাইস রাজ্যের বেশিরভাগ খনিরই খনন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করেছে। মৃত্যু হয়েছে বহু লোকের।