২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের কাছে আরও রুশ সেনা মোতায়েনের স্যাটেলাইট ছবি

যুক্তরাষ্ট্র-ভিত্তিক মাক্সার টেকনোলজিসের প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইউক্রেইনের কাছে বেশ কয়েকটি এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Feb 2022, 11:38 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

সংকট সমাধানে ব্যাপক পরিসরে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেও যে মস্কো ইউক্রেইন সীমান্তের কাছে শক্তি বাড়াচ্ছে সেটিই এ ছবির মধ্য দিয়ে সামনে এসেছে।

ইউক্রেইন সীমান্তে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সেনা মোতায়েনের ওপর নজর রেখে আসা মাক্সার টেকনোলজিস কোম্পানি বলেছে, ছবিগুলো গত বুধ এবং বৃহস্পতিবার স্যাটেলাইটে ধারণ করা হয়েছে।

এসব ছবিতে ক্রিমিয়া, রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশের বিভিন্ন জায়গায় নতুন করে রাশিয়ার সেনা মোতায়েন হতে দেখা গেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স আলাদাভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

২০১৪ সালে ইউক্রেইনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছে রাশিয়া। মাক্সার বলেছে, ক্রিমিয়ার সিমফারোপোল শহরের উত্তরে অকতায়েবরোস্কয়ে বিমানঘাঁটিতে বিপুলসংখ্যক নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন হতে দেখা গেছে। সেখানে ৫০০ সেনা তাঁবুসহ শত শত গাড়িও উপস্থিতিও দেখা গেছে।

মাক্সার আরও জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে ক্রিমিয়ার নোভুজেরনোয়ের কাছে নতুন সেনা ও সরঞ্জাম পৌঁছতে দেখা গেছে। ক্রিমিয়ার উত্তর–পশ্চিম উপকূলীয় এলাকা স্লাভনে শহরের কাছেও নতুন সেনা মোতায়েন হতে দেখা গেছে।

বেলারুশের যে জায়গায় রাশিয়া যৌথ মহড়া চালাচ্ছে, সেখানেও নতুন সেনা ও সামরিক যান মোতায়েন চিহ্নিত করা গেছে; আর ইউক্রেইন সীমান্ত থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরে গোমেলের কাছে জিয়াব্রোভকা বিমানঘাঁটিতে হেলিকপ্টার দেখা গেছে বলেও জানিয়েছে মাক্সার।

বৃহস্পতিবার ইমেইলে পাঠানো এক বিবৃতিতে মাক্সার বলেছে, পশ্চিম রাশিয়ায় কুর্সক প্রশিক্ষণ এলাকায় সম্প্রতি বিপুল সংখ্যক সেনা পৌঁছেছে। ওই এলাকাটি ইউক্রেইন সীমান্ত থেকে ১১০ কিলোমিটার দূরে।

তবে এখন পর্যন্ত কতসংখ্যক সেনা মোতায়েন হয়েছে, তা প্রকাশ করেনি রাশিয়া। তারা বলেছে, নিজ ভূখণ্ডে যেখানে ঠিক মনে হবে সেখানেই সেনা মোতায়েনের অধিকার রাশিয়ার আছে।

রাশিয়া আরও বলেছে, তারা বহির্বিশ্বের জন্য কোনও হুমকি সৃষ্টি করছে না।