২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার: অহিংস প্রতিবাদ থেকে সশস্ত্র প্রতিরোধের অনিশ্চিত পথে

ঠিক এক বছর আগে ফেব্রুয়ারির প্রথম দিন মিয়ানমারের সেনাবাহিনী যখন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা নিল, তাৎক্ষণিকভাবে জনগণের মধ্যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সামান্যই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 01:21 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

অং সান সু চি, যার নেতৃত্বে গত তিন দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছিল মিয়ানমারের মানুষ, তাকেও গ্রেপ্তার করা হল।

আসলে কী করা উচিত, সেটাই তখন বুঝে উঠতে পারছিলেন না দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নাগরিকরা।

“সেদিন সকালে ইন্টারনেট আর ফোনের লাইন বন্ধ করে দিল। আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না খবরটা। কিন্তু পরে যখন রেডিও কিনতে বের হলাম, বুঝতে পারলাম, আসলেই একটা সেনা অভ্যুত্থান হয়ে গেছে।”

এক বছর আগের সেই দিনের কথা এভাবেই বিবিসিকে বলছিলেন ইয়াংগনের শ্রমিক নেতা মোয়ে সান্দার মিন্ত।

“আসলে আমরা একেবারে ভেঙে পরেছিলাম। আমাদের জন্য সেটা ছিল অন্ধকার এক দিন। মিয়ানমার তো সবে উন্নতির পথে যাত্রা শুরু করেছিল। ওই অবস্থায় কীভাবে জান্তার বিরুদ্ধে লড়াই করব, সেটা ঠিক করাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।”

১ ফেব্রুয়ারি ২০২০, দিনের শেষভাগে সু চির একটি লিখিত বার্তা প্রকাশ করা হল; সেখানে মিয়ানমারের জনগণকে আহ্বান জানানো হল- ‘এই অভ্যুত্থান মেনে নেবেন না’। 

একই সময়ে সু চির সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা উইন থেইন তুলে ধরলেন মহাত্মা গান্ধীর উদাহরণ; আহ্বান জানালেন অসহযোগ আন্দোলনে নামার। সু চির দীর্ঘদিনের অহিংস আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখেই তিনি সেই ডাক দিয়েছিলেন।

এভাবেই জন্ম নেয় সিডিএম- ক্যাম্পেইন ফর সিভিল ডিজঅবিডিয়েন্স। শুরুর দিকে স্বাস্থ্যকর্মী ও শিক্ষকরা কাজে যেতে অস্বীকৃতি জানালেন। দ্রুতই সরকারি কর্মচারী, শ্রমিক ইউনিয়ন এবং সংগীত শিল্পী, চলচ্চিত্র তারকা, এলজিবিটি আন্দোলনের কর্মীরা এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলো যোগ দিল তাতে।

তারা শুধু সু চির অহিংস আন্দোলনের ডাকে সমর্থনই দিলেন না, সর্বত্র আন্দোলনের মুখ হয়ে উঠলেন কারাবন্দি এই নোবেলজয়ী নেত্রী। তার নেতৃত্বাধীন সরকারকে পুনর্বহালের দাবি জানানোও শুরু করল আন্দোলনকারীরা।

অভ্যুত্থানের চার দিন পর প্রথম বড় আকারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন মোয়ে সান্দার মিন্ত। সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে গড়ে ওঠা আন্দোলনে এ ধরনের বহু সমাবেশ হয়েছে গত এক বছরে। অভ্যুত্থানের পর প্রথম মাসে রাজপথে এসব সমাবেশ অনেকটা উৎসবের পরিবেশ সৃষ্টি করত।

মোয়ে বলেন, “আমি উদ্বেগে থাকতাম কখন আমার কর্মীরা না জানি গুলি খায়। কিন্তু সমাবেশগুলোতে আশাতীত সংখ্যক মানুষের অংশগ্রহণ আমার সব ভয় দূর করে দিয়েছিল।”

মোয়ে এখন তার স্বামী ও তিন সন্তানকে নিয়ে থাইল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ইয়াংগন প্রথমে পালিয়ে যুদ্ধ-বিধ্বস্ত সীমান্ত এলাকায় পৌঁছান তারা। ওই এলাকা সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সেখান থেকে রাতের আঁধারে তারা সীমান্ত পার হন।

বিবিসি লিখেছে, ওই আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার সময়টি ছিল গত মার্চে, যখন সামরিক জান্তা প্রতিবাদকারীদের গুঁড়িয়ে দিতে সৈন্যদের নির্দেশ দেয়।

Image
জান্তাবিরোধী আন্দোলনের অনেকেই এখন আশ্রয় নিয়েছেন প্রতিবেশী থাইল্যান্ডের সীমান্তে

জান্তাবিরোধী আন্দোলনের অনেকেই এখন আশ্রয় নিয়েছেন প্রতিবেশী থাইল্যান্ডের সীমান্তে

মোয়ে সান্দার মিন্ত প্রথম সংঘাতের মধ্যে পড়েন ১৪ মার্চ। ততোদিনে গ্রেপ্তার এড়াতে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে শুরু করেছেন।

ঘটনাটা ইয়াংগনের অভিবাসী শ্রমিক অধ্যুষিত ঘনবসতিপূর্ণ হ্লায়িং থারিয়ার এলাকায়। ‘কঠিন জায়গা’ হিসেবে ওই এলাকা ততদিনে পরিচিতি পেয়েছে। সৈন্যদের ঠেকাতে ওই এলাকার বাসিন্দারা রাস্তায় ব্যারিকেড তৈরি করেছিল।

মোয়ে বলেন, “আমি অন্য ইউনিয়ন নেতাদের সঙ্গে মিলে আমাদের পরের পদক্ষেপের পরিকল্পনা করছিলাম। হঠাৎই শুনতে পেলাম সৈন্যরা আসছে, আমরা ছড়িয়ে পড়লাম। ওরা হ্লায়িং থারিয়ার থেকে বের হওয়ার সবকটা রাস্তা বন্ধ করে দিয়ে আর আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ছিল। অনেকে মারা যায়, যাদের মধ্যে আমার কর্মীরাও ছিলেন।

“প্রথমে ওরা মাঝখান থেকে গুলি করতে শুরু করে। এরপর আমাদের পাশ থেকে এবং পেছন থেকেও গুলি আসতে শুরু করে। আমরা আড়াল নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু গুলি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। বিক্ষোভকারীদের সঙ্গে আমার স্বামী কো অংও রাস্তায় ছিল।”

স্যাটেলাইট ও অন্যান্য ছবি ব্যবহার করে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করে মিয়ানমার উইটনেস নামের একটি সংস্থা। তাদের ধারণা, ওই দিন হ্লায়িং থারিয়ারে ৮০ জন নিহত হয়ে থাকতে পারেন। তাদের ভাষায়, নিরাপত্তা বাহিনী সেদিন নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়।

ওই দিনের একটি ভিডিওতে দেখা যায় একটি সেতুতে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা হ্লায়িং থারিয়ারের দিকে তাকিয়ে আছে, নিচে থাকা মানুষজনের ওপর খুব স্বাভাবিক ভঙ্গিতে গুলি চালাচ্ছে।

তারা মোয়ের বাড়িতে তল্লাশি চালানোর পরই মোয়ে বুঝতে পারেন যে ইয়াংগনে তার এবং তার পরিবারের আর থাকা সম্ভব না।

বিবিসি লিখেছে, মোয়ের মত প্রথম মাসের প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়াদের অনেকেই পালিয়ে যেতে শুরু করেন, কয়েকজন সামরিক জান্তার বিরুদ্ধে একটি মরিয়া, অসম, সশস্ত্র লড়াইয়ে যোগ দেন।

‘পিছিয়ে যাওয়ার সুযোগ নেই’

অভ্যুত্থানের দিন থেকেই অং সান সু চিকে চোখের আড়াল করে ফেলেছে সামরিক জান্তা, বেশি কিছু অভিযোগ এনে বিচার সাজানো হয়েছে তার জন্য।

গত এপ্রিলে তার দলের এমপি এবং কর্মীরা একটি ছায়া জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) গঠন করে, যা সামরিক জান্তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকে ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন আঞ্চলিক ও জাতিগত গোষ্ঠীর সঙ্গে মিলে জান্তাবিরোধী নেতৃত্বের পরিসর বড় করে চলেছে তারা।

কিন্তু এর সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এবং সামরিক বাহিনীর কাছ থেকে পালিয়ে বেড়ানোয়, মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর এনইউজির প্রভাব সীমিত।

স্থানীয় এই আধাসামরিক গোষ্ঠীগুলো নিজেদের ‘পিপলস ডিফেন্স ফোর্স’ বা পিডিএফ বলে পরিচয় দিচ্ছে, ছিনিয়ে নেওয়া বা নিজেদের বানানো বন্দুক ও বোমা ব্যবহার করে সামরিক কনভয়ের ওপর হামলা চালাচ্ছে এবং জান্তার কর্মকর্তাদের পেলে হত্যা করছে।

তারা এখন আর শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ে খুব একটা আলোচনা করে না। তাদের কেউ কেউ সু চির একনায়কসুলভ নেতৃত্ব, এবং বিগত দিনে অতি ক্ষমতাশালী সামরিক বাহিনীর সঙ্গে থেকে দেশ চালানোর নীতির কট্টর সমালোচক। তাদের বক্তব্য হচ্ছে, আগের কোনো অবস্থানে আবার ফিরে যাওয়া এখন আর তাদের পক্ষে সম্ভব না।

ছদ্মনামে থাকা জর্জ ও ফ্রাংক ইয়াংগনে তাদের বাড়ির কাছে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। জর্জ ছিলেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা, ফ্রাংক একজন একনিষ্ঠ ভিডিও-গেমার, কাজ করতেন একটি ক্যাফেতে। দুজনই এখন স্বেচ্ছাসেবী হিসেবে পিডিএফে যোগ দিয়েছেন এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় দায়িত্ব পালন করছেন।

মার্চে ব্যারিকেডের সামনে মানুষকে গুলি করে মারতে দেখার পর, এবং আন্তর্জাতিক কোনো সহায়তা আসবে না উপলব্ধি করতে পেরে, তারা ধরে নেন, অহিংস পথে আন্দোলনে আর কাজ হবে না।

জর্জ বলেন, “আমাদের সশস্ত্র আন্দোলন কোথা থেকে শুরু করব, তা জানা ছিল না। আমরা সাধারণ মানুষ, সামরিক কোনো প্রশিক্ষণ আমাদের নেই।”

ইয়াংগনের কর্মীদের জন্য সবচেয়ে সহজ পথটি ছিল বিভিনন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়া, যারা দশকের পর দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

এসব গোষ্ঠীর কয়েকটি অবশ্য জান্তা-বিরোধী আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। তবে তিনটি গোষ্ঠী- উত্তরের কাচিন ইনডিপেনডেন্ট আর্মি (কেআইএ), থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকার কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ), এবং কারেন্নি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) বিক্ষোভকারীদের নিরাপদ আশ্রয় ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ খোলা রেখেছিল।

Image
জেনারেল মিন অং হ্লাইং, তিনিই এখন মিয়ানমারের জান্তার নেতৃত্বে

জেনারেল মিন অং হ্লাইং, তিনিই এখন মিয়ানমারের জান্তার নেতৃত্বে

কেএনএলএ-তে যোগ দেওয়া জর্জ ও ফ্রাংকের জন্য প্রথম বাধা ছিল ওই গোষ্ঠীর আস্থা অর্জন করা। সেনাবাহিনীর চর ঢুকে পড়ল কি না, সেই উদ্বেগ নিয়েই এসব বিদ্রোহী গোষ্ঠীকে চলতে হয়। পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোকজনের বিষয়েও তারা সন্দিহান থাকে, কারণে কিছু দিন আগ পর্যন্ত তারা সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোর প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায়নি।

দ্বিতীয় সমস্যাটি ছিল অস্ত্র। জর্জ ও ফ্রাংককে তাদের নিজেদের অস্ত্র নিজেদেরই কিনতে হয়েছে চোরাইবাজার থেকে। একটি পিস্তলের জন্য জর্জ দুই হাজার ডলারের সমপরিমাণ অর্থ খরচ করেছেন। ফ্রাংক একটি এম৪ রাইফেল কেনার জন্য তার গাড়ি ও নিজের একখণ্ড জমি বিক্রি করেছেন, যার দাম প্রায় সাড়ে তিন হাজার ডলারের মত। গুলি জোগাড় করা এখনও একটি সমস্যা।

যে কারেন সংগঠনটি তাদের আশ্রয় দিয়েছে, তারা চায়, নতুন সদস্যরা তাদের জীবনযাত্রার ব্যয় নিজেরাই মেটাবে, আবার সংগঠনের নেতৃত্বের প্রতিও বিশ্বস্ত থাকবে। 

ফ্রাংক বলেন, “এসবের আগে আমি শুধু পড়ালেখা আর ভিডিও গেম নিয়েই আগ্রহী ছিলাম। জঙ্গলে বসবাস, মাটিতে ঘুমানো… মাঝে মাঝে মনে হয় সব ছেড়েছুড়ে দিই। যা পাওয়া যায়, সেটাই আমাদের খেতে হয়।”

সেনাবাহিনীর তুলনায় তাদের হাতের অস্ত্রশস্ত্র কিছুই না। গত ডিসেম্বরে সেনাবাহিনী যখন ওই এলাকায় হামলা করল, জর্জ ও ফ্রাংক দুজনেই আহত হয়েছিলেন।

তাদের অভিযোগ, সু চির দলের গড়ে তোলা এনইউজি কোনো ধরনের সরঞ্জাম বা সহায়তা দিচ্ছে না। কতটা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হবে, আর কতোখানি সু চির নীতি মেনে অহিংস আন্দোলন চালানো হবে তা নিয়ে এনইউজি এখনও বিভক্ত।

Image
মিয়ানমারের ‘পিপলস ডিফেন্স ফোর্স’ এর একটি দল, সেনাবাহিনীর সঙ্গে লড়ছে তারা

মিয়ানমারের ‘পিপলস ডিফেন্স ফোর্স’ এর একটি দল, সেনাবাহিনীর সঙ্গে লড়ছে তারা

গত সেপ্টেম্বরে এনইউজির পক্ষ থেকে একটি ‘পিপলস ডিফেন্সিভ রেভল্যুশন’ ঘোষণা করা হয়, যার লক্ষ্য হল সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে থাকা বাহিনীগুলোকে সহায়তা করা, এবং তারা আধাসামরিক বাহিনীগুলোর জন্য একটি নীতিমালাও প্রকাশ করে।

মিয়ানমারের প্রবাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ চাঁদা সংগ্রহ করেছে এই ছায়া সরকার এবং একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও গঠন করেছে, যার অধীনে জর্জ তার ছোট পিডিএফ ব্যাটালিয়নের নেতৃত্বে রয়েছে।

জর্জ জানান, তিনি নিয়মিতই যোগাযোগ করছেন, কিন্তু কারেন আশ্রয়দাতাদের ইচ্ছাকেই প্রাধান্য দিতে হচ্ছে।

এক বছর হয়ে গেল। মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে যে উদ্দীপনা জাগানো বর্ণিল প্রতিবাদের সূচনা হয়েছিল, তা এখন অনেকটাই অচেনা।

জাতিসংঘের হিসাবে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত কমপক্ষে দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থনীতি ধসে পড়েছে। এবং নির্বাসিত মিয়ানমারবাসীর সংখ্যা বেড়েই চলেছে।