২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের সাও পাওলোতে ভারি বৃষ্টি, ভূমিধসে নিহত ১৯

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সাতটি শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 10:16 AM

Updated : 28 Apr 2022, 11:34 PM

শুক্রবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে দেশটি জননিরাপত্তা কর্মকর্তারা রোববার জানিয়েছেন।   

সাও পাওলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির মধ্যে বিভিন্ন ঘটনায় আরও নয় জন আহত ও চার নিখোঁজ হয়েছে আর রাজ্যজুড়ে প্রায় ৫০০ পরিবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া রোববার হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্ষতিগ্রস্ত শহরগুলোর জন্য জরুরি সাহায্য হিসেবে ২৭ লাখ ৯০ হাজার ডলার মঞ্জুর করা হয়েছে।

এক বিবৃতিতে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সাও পাওলো শহরের আশপাশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলো হল আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, ইম্বু দাস আর্চিস ও ফ্রাঙ্কো দা হসা। এর পাশপাশি ঝড়ে রাজ্যটির আরও কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ডিসেম্বর থেকে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিচ্ছে। এতে বহু মানুষের মৃত্যু হচ্ছে ও দেশটির মধ্যপশ্চিমাঞ্চলে ফসলের জন্য হুমকি সৃষ্টি করেছে। বন্যার জন্য মিনাইস জেরাইস রাজ্যের খনি কার্যক্রম কয়েক দিনের জন্য বন্ধ ছিল।