‘১১ বার টিকা নিয়েছি’, বৃদ্ধের দাবি ঘিরে শোরগোল বিহারে
ভারতে এক বৃদ্ধের দাবি ঘিরে শোরগোল পড়ে গেছে বিহার রাজ্যে। ব্রহ্মদেও মণ্ডল নামের এই বৃদ্ধের দাবি, তিনি ১১ বার কোভিড টিকা নিয়েছেন।
এই টিকা নেওয়ার কারণে দেহ আগের থেকেও বেশি তরতাজা হয়েছে এবং বাতের ব্যথা গায়েব হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।
বিহারের রাজধানী পটনার উত্তর-পূর্বে মাধেপুরা জেলার বাসিন্দা এই ব্রহ্মদেও মণ্ডল অবসরপ্রাপ্ত এক ডাক কর্মী। গত সপ্তাহে একটি ক্যাম্পে তিনি ১২ তম বার টিকা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের কাছে ধরা পড়েন।
মণ্ডল তার টিকা নেওয়ার দিনক্ষণ এবং স্থান লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি জানান, গতবছর ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে তিনি ১১ ডোজ কোভিড টিকা নিয়েছেন।
তার এই দাবির পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। একজন মানুষ এতবার কীভাবে টিকা নিলেন তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
মাধেপুরার সিভিল সার্জন অমরেন্দ্র প্রতাপ শাহী বিবিসি’কে বলেছেন, “আমরা এরই মধ্যে চারটি জায়গা থেকে তার (ব্রহ্মদেও মণ্ডল) ৮ ডোজ টিকা নেওয়ার প্রমাণ পেয়েছি।”
প্রাথমিক তদন্তে দেখা গেছে, মণ্ডল একইদিনে আধঘণ্টার ব্যবধানে দুটো টিকা নিয়েছেন। পোর্টালে দুটো টিকারই রেজিস্ট্রেশন ছিল। এমনটি কী করে ঘটল তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন প্রতাপ শাহী।
রেজিস্ট্রেশন পোর্টালে কোনও গন্ডগোল হয়ে থাকতে পারে কিংবা টিকা কেন্দ্রে যারা কাজ করছেন, তাদের কোনও অবহেলা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞ চন্দ্রকান্ত লাহারিয়া বিবিসি-কে বলেন, সাইট থেকে টিকা সংক্রান্ত তথ্য দীর্ঘ সময় পরে পোর্টালে আপলোড করা হলেই কেবল এমন ঘটনা ঘটতে পারে। তবে তার মতে, এরপরও দীর্ঘ সময় ধরে সবার চোখ ফাঁকি দিয়ে এতগুলো টিকা নেওয়া বিস্ময়কর ব্যাপার।
ব্রহ্মদেব মণ্ডল বলছেন, তিনি ৯ বার নিজের ফোন নম্বর ও আধার কার্ড ব্যবহার করে টিকা নিয়েছেন এবং বাকি টিকা নিয়েছেন নিজের স্ত্রীর আধার কার্ড ও ফোন নম্বর ব্যবহার করে।
মণ্ডল জানান, প্রথম ডোজ টিকা নেওয়ার সময় তিনি হাঁটতেই পারতেন না। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর শরীর সুস্থ হতে শুরু করে। তখন ঠিক করেন আরও টিকা নেবেনে।
এভাবে একের পর এক টিকা নিয়ে দিব্যি রয়েছেন তিনি। শরীরে কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া তো হয়ইনি বরং আগের চেয়ে অনেক তরতাজা হয়েছেন। বাতের ব্যথা, হাঁটুর ব্যথা সব কমে গেছে। শরীরেও বল পেয়েছেন বলে জানিয়েছেন মণ্ডল।
