দাঙ্গাকারীরা যুক্তরাষ্ট্রের গলায় ছুরি ধরেছিল: বাইডেন
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দাঙ্গাকারীরা আমেরিকা এবং আমেরিকান গণতন্ত্রের গলায় ছুরি ধরেছিল।
একইসঙ্গে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করে বাইডেন বলেন, তিনি মিথ্যার জাল ছড়িয়ে ওই হামলায় ইন্ধন জুগিয়েছিলেন।
গত বছর ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের যৌথ অধিবেশনে ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান দলের পরাজিত ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা ভবনটিতে হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত পাঁচ জন নিহত হন।
ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন ওই তাণ্ডবে হতভম্ব হয় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর বড় ধরনের আঘাত বলে বর্ণনা করেন অনেকেই।
সেই ঘটনার বর্ষপূর্তিতে বৃহস্পতিবার ক্যাপিটল ভবনের স্ট্যাচুয়ারি হলে দেওয়া ভাষণে কড়া ভাষায় বাইডেন বলেন, “যারা ক্যাপিটলে হামলা চালিয়েছিল এবং ওই ঘটনা উসকে দিয়েছিল, তারা আমেরিকা এবং আমেরিকান গণতন্ত্রের গলায় ছুরি ধরেছিল। তারা ক্ষোভ নিয়ে সেখানে এসেছিল, আমেরিকার সেবা করতে নয় বরং একজনের পক্ষে কাজ করার জন্য এসেছিল।”
“যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট (ট্রাম্প) ২০২০ সালের নির্বাচন নিয়ে মিথ্যার জাল ছড়িয়ে ওই হামলায় ইন্ধন জুগিয়েছিলেন। আমাদের গণতন্ত্র বা সংবিধানের চেয়ে তার কাছে তার মার্কামারা অংহবোধেরই গুরুত্ব বেশি।”
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে হুমকি এখনও দূর হয়নি বলেও সতর্ক করে দিয়েছেন বাইডেন।
বিবিসি জানায়, বর্ষপূর্তির দিন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সভাপতিত্বে এক অনুষ্ঠানে হামলার ঘটনায় নিহতদের স্মরণে কিছু সময়ের জন্য নীরবতা পালন করা হয়। তবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির কিছু নেতা এ অনুষ্ঠানে যোগ দেননি।
