২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকুয়ামেশন: বর্ণবাদবিরোধী নেতার পরিবেশবান্ধব সৎকার

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আর্চবিশপ ডেসমন্ড টুটুকে শেষ বিদায় জানাতে তার পরিবারের সদস্যরা রোববার সকালে জড়ো হয়েছিলেন কেপটাউনের সেন্ট জর্জেস ক্যাথেড্রালে, যেখানে সংরক্ষণ করা হচ্ছে তার দেহাবশেষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2022, 07:30 PM

Updated : 25 Oct 2022, 10:07 AM

দেশটির অ্যাংলিকান চার্চের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, শেষ ইচ্ছ অনুসারে এই নোবেল বিজয়ীর শবদেহের সৎকার করা হয় ‘অ্যাকুয়ামেশন’ নামের এক পদ্ধতিতে, যা সাধারণ দাহকৃত্যের চেয়ে পরিবেশবান্ধব বলে বিবেচনা করা হয়।

অ্যাকুয়ামেশন হল পানিভিত্তিক একটি প্রক্রিয়া, যার বৈজ্ঞানিক নাম ‘অ্যালকালাইন হাইড্রোলাইসিস’। এ পদ্ধতিতে মৃদু পানিপ্রবাহ, তাপমাত্রা ও ক্ষারের মিশ্রণ ব্যবহার করা হয়, যার ফলে শরীরের জৈব উপাদানগুলো তুলনামূলকভাবে দ্রুত ভেঙে গিয়ে মাটির সঙ্গে মিশে যেতে পারে।

অ্যাকুয়ামেশন নামের এই প্রক্রিয়ায় সৎকার সেবা দেয় বায়ো-রেসপন্স সলুশ্যনস নামের একটি কোম্পানি। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রচলিত পদ্ধতিতে চিতা বা বৈদ্যুতিক চুল্লিতে শব দাহ করতে যে পরিমাণ শক্তি ব্যবহৃত হয়, তার চেয়ে ৯০ শতাংশ কম শক্তি লাগে অ্যাকুয়ামেশনে। তাছাড়া কোনো ক্ষতিকারক গ্যাসও নির্গত হয় না।

স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিমেশন অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা বলছে, অ্যালকালাইন হাইড্রোলাইসিসকে অনেক সময় অগ্নিমুক্ত সৎকার হিসেবেও বিবেচনা করা হয়। এ পদ্ধতিতে মরদেহকে অ্যালকালাইন হাইড্রোলাইসিস মেশিনে রাখতে হয়, যেখানে পানি ও ক্ষারীয় রাসায়নিকের দ্রবণে পূর্ণ একটি বায়ুরোধী চেম্বার থাকে।

এরপর চেম্বারটি ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, ধীরে ধীরে তরলে পরিণত হতে থাকে শবদেহ; একপর্যায়ে শুধু রয়ে যায় হাড়। হাড়গুলো শুকিয়ে গেলে সেগুলো চূর্ণ করে ফেলা যায়।

বিংশ শতাব্দীর শেষ দিকে কেপ টাউনে আর্চ বিশপ হিসেবে দায়িত্বপালন করা টুটু দক্ষিণ আফ্রিকার নিগৃহীত সমাজে জাতিগত বিদ্বেষ কমানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেন।

১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গরা গায়ের রঙের ভিত্তিতে মানুষকে আলাদা করে যে বৈষম্যের শাসন জারি রেখেছিল, তার বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি।

১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত এই ধর্মযাজক গত ২৬ ডিসেম্বর কেপ টাউনে মারা যান, তার বয়স হয়েছিল ৯০ বছর।

পরিবেশ রক্ষার জন্য বরাবর সোচ্চার ছিলেন ডেসমন্ড টুটু; জলবায়ু সঙ্কট সামাল দেওয়ার বিষয়ে বহুবার তিনি বক্তৃতা করেছেন, লিখেছেন বহু নিবন্ধ।  

জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক দক্ষিণের দরিদ্র জনগোষ্ঠীর জীবনে যে বিপর্যয় নেমে আসছে, সে কথা তিনি ২০০৭ সালে গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে তুলে ধরেছিলেন।

নিজের শেষকৃত্য যাতে পরিবেশবান্ধব হয়, তা নিশ্চিত করার পাশাপাশি ডেসমন্ড টুটু এটাও নিশ্চিত করেছেন, শেষযাত্রা যেন তার জীবনের মতই আড়ম্বরহীন হয়। 

শেষ বিদায়ের সময় তিনি শায়িত ছিলেন সাধারণ একটি পাইন কাঠের কফিনে, বাজারে যেটা সবচেয়ে সস্তায় পাওয়া যায়। জীবদ্দশায় তেমন ইচ্ছাই তিনি জানিয়ে গিয়েছিলেন।