কোভিড: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন আক্রান্ত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার উপসর্গ মৃদু বলে জানা গেছে।
রোববার পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসার পর থেকে পাঁচ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন তিনি, সেখান থেকেই অনলাইনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে বিধিনিষেধ কঠোর করেছিল পেন্টাগন। তারপর পরীক্ষায় অস্টিনের কোভিড পজিটিভ আসার খবর এল।
ওমিক্রন প্রাদুর্ভাবের মুখে সৈন্যদের সামরিকভাবে প্রস্তুত রাখা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী, কারণ সৈন্যদের প্রায়ই জাহাজে ও বিমানে বদ্ধ ঘরের মধ্যে একত্রে থাকতে হয়।
অক্টোবরের প্রথমদিকে বুস্টার ডোজ নেওয়া অস্টিন টিকার সবগুলো ডোজই পূর্ণ করেছেন।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার দেখা হয়েছিল তার, এর এক সপ্তাহও বেশি সময় পর তারমধ্যে সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।
“আমার ডাক্তার পরিষ্কার করে জানিয়েছে, পূর্ণ টিকা দেওয়া থাকায় ও অক্টোবরের প্রথমদিকে বুস্টার ডোজ নেওয়ায় সংক্রমণ মারাত্মক না হয়ে অনেক মৃদু হয়েছে,” বলেছেন তিনি।
অস্টিন জানান, ছুটিতে বাড়িতে থাকার সময় লক্ষণ দেখা দিলে রোববার সকালে পরীক্ষার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সর্বশেষ পেন্টাগনে ছিলেন তিনি।
তিনি আরও জানান, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিচালনার পুরো দায়িত্ব ধরে রাখার ও বিশ্বজুড়ে সামরিক কর্মকাণ্ডের তদারকির এবং যখন সম্ভব হবে অনলাইনের মাধ্যমে বৈঠকগুলোতে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
কিছু বিষয়ে ডেপুটি ক্যাথলিন হিক্স তার প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি।
অস্টিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে কোভিড আক্রান্ত হওয়া সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একজন। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেহান্দ্রো মেয়রকাসের করোনাভাইরাস ধরা পড়েছিল।
রয়টার্সের টালি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষগুলো শনিবার অন্তত ৩ লাখ ৪৬ হাজার ৮৬৯ জন নতুন রোগী শনাক্ত করেছে। দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৫ কোটি ৫১ লাখ ছাড়িয়ে গেছে।
এদিন কোভিড-১৯ এ দেশটিতে আরও ৩৭৭ জনের মৃত্যু হয়েছে, এতে যুক্তরাষ্ট্রে মহামারীতে মৃতের সংখ্যা ৮ লাখ ২৮ হাজার ৫৬২ জনে দাঁড়িয়েছে।
