ব্রাজিলে বন্যা: দুঃস্বপ্নে পরিণত হল ‘স্বপ্নের বড়দিন’
মহামারীর কারণে কয়েক মাস ধরে বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা জুলিয়ানা হেইস (৩৭) অবশেষে ‘বড়দিন’ উপলক্ষ্যে বাড়িতে ফিরতে পেরেছিলেন।
ব্রাজিলের ইতাম্বি শহরের এই বাসিন্দা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা সত্যিই আশা করেছিলাম এটি আমাদের স্বপ্নের বড়দিন হবে।”
কিন্তু উত্তরপূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের এই এলাকাগুলো প্রবল বন্যায় ভেসে যাওয়ায় তাদের স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয়। ২৫ ডিসেম্বর রাতে ২৭ কিলোমিটার দূরে বাঁধ ভেঙে নিকটবর্তী বেহুগা নদী বেয়ে ধেয়ে আসা পানি দুকূল ছাপিয়ে সবকিছু ভাসিয়ে নেয়।
হেইসদের বাড়ি পানিতে ডুবে যায়। সে ও তার বাবা-মা সাঁতার কেটে বাড়ি থেকে বের হয়ে জীবন রক্ষা করে।
“এ বিপর্যয় ঘটে মধ্যরাতে। আমি শুধু চাই সবাই বেঁচে থাকুক,” আতঙ্কিত বড়দিনের কথা স্মরণ করে বলেন তিনি। বন্যায় তাদের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তাদের বাড়িটিসহ দেড় কোটি বাসিন্দার বাহিয়া রাজ্যের প্রায় পাঁচ হাজার বাড়ি ধ্বংস হয়, অন্তত ২০ জনের মৃত্যু হয় আর বাড়িঘর ছাড়তে বাধ্য হয় প্রায় ৫০ হাজার মানুষ।
বাহিয়ায় কয়েক মাস ধরে চলা তীব্র খরার পর শুরু হয় বৃষ্টি। কয়েক সপ্তাহ ধরে চলা রেকর্ড বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দেয়। গত কয়েকদিনে পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়। কিছু এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বন্যার মধ্যেই অতিরিক্ত পানির চাপে ধসে যায় দুই নদীর দু’টি বাঁধ। শনিবার বড়দিনের রাতে বাহিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভিত্তোরিয়া দ্য কুঙ্কিয়িস্তার কাছে বেহুগা নদীর ইগুয়া বাঁধ ভেঙে পড়ে। এতে কর্তৃপক্ষ ওই অঞ্চলের ছোট শহর ইতাম্বির বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়।
পরদিন সকালে এর ১০০ কিলোমিটার উত্তরে জুসিয়াপিতে বাড়তে থাকা পানির চাপে দ্বিতীয় আরেকটি বাঁধ ভেঙে পড়ে।
রাজ্যটির রাজধানী সালভাদোরে আবহাওয়া কর্মকর্তারা জানান, ডিসেম্বরে গড়ের চেয়ে ছয় গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে।
বাহিয়ার গভর্নর হুই কস্তা এবারের বন্যাকে রাজ্যটির ইতিহাসে সবচেয়ে ‘মারাত্মক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “দেখে মনে হচ্ছিল, রাজ্যের বিরাট এলাকা যেন বোমা মেরে গুড়িয়ে দেওয়া হয়েছে।”
মঙ্গলবার ব্রাজিলের কেন্দ্রীয় সরকার দুর্যোগ ত্রাণ তহবিল হিসেবে তিন কোটি ৫৫ লাখ ডলার ছাড় করিয়ে আরও আসছে বলে জানিয়েছে।
প্রায় ২২ হাজার বাসিন্দার শহর ইতাম্বিতে ৬০টি বাড়ি ভেঙ্গে পড়েছে বলে স্থানীয় মেয়র দপ্তর জানিয়েছে।
