২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির বিরুদ্ধে ওয়াকিটকি মামলায় রায় ঘোষণা স্থগিত

অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহারের অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তার রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2021, 06:38 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

সোমবার আদালতের কার্যক্রম সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্র্মকর্তা একথা জানিয়েছেন। আদালত কোনও কারণ ব্যাখ্যা না করেই রায় ঘোষণা পিছিয়ে দিয়েছে বলে জানান তিনি।

ওয়াকিটকির মামলায় দোষী সাব্যস্ত হলে একবছরের জেল এবং সর্বোচ্চ তিন বছরের সাজার মুখোমুখি হতে পারেন সু চি।

মিয়ানমারের রাজধানী নিপিধোয় জান্তার একটি বিশেষ আদালতে সু চির রুদ্ধদ্বার বিচার হচ্ছে। সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়া এবং করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় এর আগে এ মাসের শুরুতেই সু চি চার বছর কারাদণ্ড হয়।

এরপর সেই সাজা কমিয়ে দুই বছর করা হয়। বলা হয়েছিল, অজ্ঞাত যে স্থানে সু চি কে রাখা হয়েছে সেখানেই সাজা ভোগ করবেন তিনি। এবার ওয়াকিটকি মামলায় সু চির বিরুদ্ধে আদালতের রায় স্থগিতের ঘোষণা এল।

গত ১ ফেব্রুয়ারিতে মিয়ানমারে সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর পর থেকেই দেশটিতে প্রতিবাদ-বিক্ষোভে অশান্ত অবস্থা বিরাজ করছে। দেশটির রাজনৈতিক সংস্কার নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সামরিক অভ্যুত্থানে সু চি আটক হওয়ার পরপরই পুলিশের একটি নথিতে বলা হয়েছিল, তার বাড়িতে ৬ টি ওয়াকিটকি পাওয়া গেছে। সেগুলো অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে।

ওয়াকিটকির মামলা ছাড়াও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ সু চির বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা করেছে জান্তা সরকার। সব ক’টিতে দোষী সাব্যস্ত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে সু চির। তবে সব অভিযোগই সু চি অস্বীকার করেছেন।