ফাইজারের টিকা ও যুবকের মৃত্যু সম্পর্কিত, বলছে নিউ জিল্যান্ড
হৃদপেশির বিরল প্রদাহ মায়োকার্ডাইটিসে ভুগে ২৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হওয়ার পর এর সঙ্গে ফাইজারের করোনাভাইরাস টিকার সম্পর্ক আছে বলে অভিযোগ করেছে নিউ জিল্যান্ড।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই যুবক ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার দুই সপ্তাহের মধ্যে মারা যান।
সোমবার এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের কোভিড-১৯ ভ্যাকসিন ইনডিপেনডেন্ট সেইফটি মনিটরিং বোর্ড বলেছে, “প্রাপ্ত তথ্য বিবেচনা করে বোর্ড ধারণা করছে, সম্ভবত ওই ব্যক্তির নেওয়া টিকার কারণে মায়োকার্ডাইটিস হয়েছিল।”
ফাইজারের টিকার বিরল এই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আগে থেকেই জানা ছিল। এর আগে অগাস্টে ফাইজারের টিকার দুটি ডোজ নেওয়ার পর এক নারীর মৃত্যুর কথা জানিয়েছিল নিউ জিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে এ ধরনের দুটি ঘটনা ঘটল।
টিকার প্রথম ডোজ নেওয়ার পর ওই যুবক তার রোগ লক্ষণের বিষয়ে চিকিৎসকের পরামর্শ বা কোনো চিকিৎসা নেননি। মায়োকার্ডাইটিস হৃদপেশির একটি প্রদাহ, এতে হৃদপিণ্ডের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যেতে পারে এবং এটি হৃদস্পন্দনের ছন্দ পরিবর্তণেরও কারণ হতে পারে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ফাইজার।
নিউ জিল্যান্ডের ভ্যাকসিন সেইফটি বোর্ড আরও জানিয়েছে, টিকা নেওয়ার পর ১৩ বছর বয়সী একজনসহ আরও দুই ব্যক্তিও সম্ভবত মায়োকার্ডাইটিসে ভুগে মারা গেছে।
তবে ওই শিশুর মৃত্যুর সঙ্গে টিকার সম্পর্ক আছে, এমনটি বলার আগে আরও বিস্তারিত তথ্য দরকার বলে জানিয়েছে তারা। আর ষাটোর্ধ্ব ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে সম্ভবত টিকার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছে তারা।
বিরল এসব পার্শ্বপ্রতিক্রিয়া সত্ত্বেও এর ঝুঁকির চেয়ে টিকা নেওয়ার সুফল অনেক বেশি বলে জানিয়েছে ভ্যাকসিন সেইফটি বোর্ড।
