ওমিক্রন ঠেকাতে নেদারল্যান্ডসে কঠোর লকডাউন
বড়দিনের আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস।
স্থানীয় সময় রোববার থেকে এ লকডাউন শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আওতায় নেদারল্যান্ডসে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য পণ্যের দোকান, বার, ব্যায়ামাগার, সেলুন এবং জনসমাগম স্থলগুলো আগামী বছর জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত বন্ধ থাকবে।
বাড়িতে দুই জনের বেশি অতিথি থাকতে পারবে না। তবে বড়দিনের ছুটির দিনগুলোতে (২৪-২৬ ডিসেম্বর) বাড়িতে সর্বোচ্চ চারজন অতিথি থাকতে পারবে।
দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুত্তে বলেছেন, “এমন পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কারণ, ওমিক্রনের কারণে করোনাভাইরাসের পঞ্চম ঢেউ আমাদের ওপর আছড়ে পড়তে চলেছে।”
সোমবার থেকে সব স্কুল বন্ধ হয়ে যাবে এবং অন্তত ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। আর অন্যান্য বিধিনিষেধ ১৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানান রুত্তে।
সংক্রমণ ঠেকাতে মানুষজনকে যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেবলমাত্র মৃত মানুষের শেষকৃত্য ছাড়া আর কোনও অনুষ্ঠান করারও অনুমতি থাকছে না লকডাউনের এই সময়ে।
সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডস সরকার। বিধিনিষেধ ঠিকমত মেনে না চললে হাসপাতালগুলোতে চাপ বেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী রুত্তে।
কেবল নেদাল্যান্ডসই নয়, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশেই ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন দেশে মাত্র দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স শনিবার সতর্ক করে বলেছেন, ইউরোপে ওমিক্রন বিদ্যুৎগতিতে ছড়াচ্ছে। নতুন বছরের শুরুতে এই ধরনটি দাপুটে হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
