ওমিক্রন: যুক্তরাজ্যে শনাক্তের চেয়ে আক্রান্ত ‘কয়েকগুণ বেশি’
যুক্তরাজ্য সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতারা বলেছেন, দেশটিতে প্রতিদিন লাখো মানুষ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, যে কারণে সামনের দিনগুলোতে হাসপাতালে ভর্তি লাফিয়ে বাড়বে বলেও ‘প্রায় সুনিশ্চিত’ তারা।
“যুক্তরাজ্যে এখন হাসপাতালে ভর্তি ওমিক্রনে আক্রান্তের যে সংখ্যা দেখা যাচ্ছে, তা সম্ভবত প্রকৃত সংখ্যার দশভাগের একভাগ; হাসপাতালের দেওয়া তথ্য আসতে বিলম্বে হওয়ার কারণে এমনটা হয়,” বৃহস্পতিবার হওয়া সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সির এক বৈঠকের কার্যবিবরণীতে এমনটা লেখা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের দিন শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাজ্যে শনাক্ত মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছায় ২৪ হাজার ৯৬৮ জনে। ২৪ ঘণ্টা আগেও এই সংখ্যা ছিল ১০ হাজারের সামান্য বেশি।
‘কোভিড-১৯ এর বিস্তারের গতি ধীর করতে আরও ব্যবস্থা না নেওয়া হলে মডেলিং যে সর্বোচ্চসীমা দেখাচ্ছে তাতে ইংল্যান্ডে প্রতিদিন অন্তত ৩ হাজার ব্যক্তি হাসপাতালে ভর্তি হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে,” বলা হয়েছে বৈঠকের কার্যবিবরণীতে।
