২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ১৪ দিনের কোয়ারেন্টিনের পর ৬৭ বছর বয়সীর দেহে ওমিক্রন

চীনে নামার দুই সপ্তাহেরও বেশি সময় পর একজনের দেহে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 01:48 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

এ নিয়ে চীনে এখন পর্যন্ত দুজনের দেহে উদ্বেগজনক নতুন এ ধরনটি শনাক্ত হল।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে কারও দেহে ওমিক্রনের উপস্থিতি শতকোটির বেশি জনংসংখ্যার দেশটির কর্মকর্তাদের দুশ্চিন্তাও বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে ৬৭ বছর বয়সী দ্বিতীয় আক্রান্তের খোঁজ মেলে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

আগেরদিনই উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনের কর্তৃপক্ষ একজনের দেহে ওমিক্রন শনাক্তের কথা জানায়, সেটিই ছিল চীনের মূল ভূখণ্ডে প্রথম ওমিক্রন পৌঁছানোর খবর।

তিয়ানজিনে যে ব্যক্তির দেহে ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে, তিনিও অন্য একটি দেশ থেকে চীনে নেমেছিলেন। সেসময় তার দেহে কোনো্ ‍উপসর্গ ছিল না। কোয়ারেন্টিনে থাকাকালে জিনোম সিকোয়েন্সিংয়ে তার দেহে ওমিক্রনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

মঙ্গলবার চীন দ্বিতীয় যার দেহে ভ্যারিয়েন্টটি পাওয়ার কথা জানায়, তিনি নভেম্বরের ২৭ তারিখে সাংহাইয়ে নামেন। তারপর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও ছিলেন। এ সময় কয়েকবার পরীক্ষা করেও তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

কোয়ারেন্টিন শেষে তিনি এয়ার চায়না’র একটি ফ্লাইটে করে গুয়াংঝুতে যান। সাংহাই থেকে গুয়াংঝুগামী ওই ফ্লাইটটি যাত্রীতে প্রায় পরিপূর্ণ ছিল, কেবল বিজনেস ক্লাসের ৬টি আসনই খালি ছিল বলে এয়ারলাইন্সটির কর্মীরা নিশ্চিত করেছেন।

এরপর হোম কোয়ারেন্টাইন শুরু হলে ১২ ডিসেম্বর ফের তার দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্তে পরীক্ষা হয়। সেখানেই করোনাভাইরাস ধরা পড়ে, পরে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের জিনোম সিকোয়েন্সিং করে ওই ব্যক্তির দেহে ওমিক্রন পাওয়ার কথা নিশ্চিত হয়।

তিয়ানজিনে শনাক্ত রোগীর দেহে উপসর্গ না থাকায় তাকে চীনের শনাক্ত রোগীর তালিকায় রাখা হয়নি; কিন্তু গুয়াংঝুতে যার দেহে ওমিক্রন মিলেছে, তিনি চীনের শনাক্ত রোগীর তালিকায় আছেন। এর অর্থ, তার দেহে করোনাভাইরাসের উপসর্গ ছিল।

তাকে এখন হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার দেহে ভাইরাস শনাক্ত হওয়ার পর তার কাছাকাছি আসা ব্যক্তি, ওই ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া অন্যরাসহ সব মিলিয়ে ১০ হাজার ৫৪৪ জনের দেহেও ভাইরাসের উপস্থিতি শনাক্তে পরীক্ষা হয়েছে, সবার ফল ‘নেগেটিভ’ এসেছে। 

চীনা কর্তৃপক্ষ এখনও ৬৭ বছর বয়সী এ ব্যক্তি কখন, কোথায়, কীভাবে ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন তার বিস্তারিত জানাতে পারেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, আক্রান্ত হওয়ার পর গড়ে ৫ থেকে ৬ দিনের মধ্যে ভাইরাসটির উপসর্গ দেখা যায়; তবে কোনো কোনো ক্ষেত্রে এমনটা হতে ১৪ দিনও লাগতে পারে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত, দ্রুত ছড়াতে সক্ষম ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্বন্ধে এখনও অনেক কিছুই অজানা, এর ‘ইনকিউবেশন পিরিয়ড’ কতদিনের তাও স্পষ্ট নয়।

গত মাসে হংকংয়ের একটি কোয়ারেন্টিন হোটেলের একই ফ্লোরের পৃথক দুই কক্ষে থাকা দুই ভ্রমণকারীর দেহে ওমিক্রন শনাক্ত হয়। এক্ষেত্রে বাতাসের মাধ্যমে এটি একজনের কাছ খেকে আরেকজনের কাছে গেছে বলেও অনুমান অনেক বিজ্ঞানীর।

হংকং বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট জিন ডংইয়ান সিএনএনকে বলেন, ইনকিউবেশন পিরিয়ড ১৪ দিন হতে পারে. তবে সচরাচর এমনটা দেখা যায় না।

তার মতে, গুয়াংঝুতে ওমিক্রন শনাক্ত হওয়া ব্যক্তি চীনে নামার পরও ভাইরাসের সংস্পর্শে এসে থাকতে পারেন।

“কোয়োরেন্টিন হোটেলে সংক্রমিত হয়ে থাকতে পারেন। হয়তো কোভিড টেস্টগুলো তার ভাইরাস শনাক্তে তেসন কার্যকরও ছিল না।

“তিনি কি সাংহাইতে আক্রান্ত হয়েছেন, নাকি চীনের বাইরে, এটা বের করা খুবই জরুরি,” বলেছেন তিনি।