২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানমুক্ত প্রজন্ম গড়তে সিগারেট নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

ভবিষ্যত প্রজন্মকে ধূমপানমুক্ত করতে বয়সে তরুণদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করতে চলেছে নিউ জিল্যান্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 10:11 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

বিবিসি জানায়, ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ জীবদ্দশায় সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবে না। আগামী বছর এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডা. আয়েশা ভেরল বলেন, “তরুণেরা যেন কখনওই ধূমপান শুরু করতে না পারে সেটি নিশ্চিত করতে চাই আমরা।”

ধূমপানের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত কঠোর অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার একথা জানানো হয়।

এ পদক্ষেপকে ‘বিশ্বে নেতৃস্থানীয় সংস্কার’ উল্লেখ করে স্বাগত জানিয়েছেন নিউ জিল্যান্ডের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর আওতায় তামাক বিক্রি এবং সিগারেটে নিকোটিনের মাত্রা কমানো হবে।

ওটাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যানেট হুক বলেন, এ সিদ্ধান্ত মানুষকে ক্ষতিকারক পণ্য পরিহার করা কিংবা কম ক্ষতিকারক পণ্যের দিকে ঝুঁকতে সাহায্য করবে। তরুণদের নিকোটিনে আসক্ত হওয়ার আশঙ্কাও কমবে।

নিউ জিল্যান্ড ২০২৫ সালের মধ্যে ধূমপানের হার ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য অর্জনে দৃঢ়সংকল্প নিয়েছে। তাদের চূড়ান্ত লক্ষ্য ধূমপান সম্পূর্ণভাবে নির্মূল করা।

বর্তমানে নিউ জিল্যান্ডের প্রাপ্তবয়স্কদের প্রায় ১৩ শতাংশ ধূমপান করে। তবে আদিবাসী মাওরিদের মধ্যে এ হার ৩১ শতাংশ, যাদের মধ্যে রোগ ও মৃত্যুর হারও বেশি।