নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫
নাইজেরিয়া সোকোটো রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা ১৫ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
আফ্রিকার এ দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে সহিংসতা নির্মূলে সেনাবহিনীর জোর প্রচেষ্টার মধ্যেই এ হামলা হল।
সোকোটো রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি এক বিবৃতিতে হামলাকারীদেরকে ‘ডাকাত থেকে হওযা সন্ত্রাসী’ অ্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাদের হামলা রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোরের আগ পর্যন্ত চলে বলে জানিয়েছেন আমিনু।
হামলায় নাইজারের সীমান্তবর্তী শহর ইলেলাতে ১৩ জন ও রাজ্যের রাজধানী থেকে ৭৬ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত গোরোনিওতে আরও ২ জন নিহত হয়েছে।
গত মাসেও সোকোটো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছিল।
অর্থের জন্য মুখিয়ে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এ বছর নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলজুড়ে কয়েকশ লোককে হত্যা বা অপহরণ করেছে। তাদের দমনে সশস্ত্রবাহিনীর অভিযানে সহযোগিতা করতে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের বড় অংশের টেলিযোগাযোগ ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি সোকোটো রাজ্যে বন্দুকধারীদর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের শনাক্তে সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি মোতায়েন করেছে বলেও জানিয়েছেন তিনি।
“নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে এভাবে ক্রমাগত ও বিনা উসকানিতে সহিংসতার পাল্টায় তাদেরও (হামলাকারী) সরকারের দিক থেকে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত,” বিবৃতিতে বলেছেন বুহারি।
