কোভিড-১৯: মাসের প্রথম সপ্তাহে বিশ্বের অর্ধেক মৃত্যু ইউরোপে
ইউরোপে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে মৃত্যু ১০ শতাংশ বেড়েছে এবং একই সময়ে বিশ্বে ৪৮ হাজার মৃত্যুর অর্ধেকেরও বেশি এ মহাদেশটিতে ঘটেছে বলে বিশ্ব স্বা্স্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে।
বিশ্বের বাকি অংশে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা হ্রাস বা স্থিতিশীল থাকলেও ইউরোপের থেকে পুরো উল্টো চিত্র পাওয়া গেছে চলতি সপ্তাহে প্রকাশিত ওই পরিসংখ্যানে, নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এমনটিই জানা গেছে।
এই সময় রাশিয়া সবচেয়ে বেশি মৃত্যু তালিকাবদ্ধ করেছে। গত কয়েক সপ্তাহে এই দেশটিতে কোভিড-১৯ এ রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় এরপর পর আছে ইউক্রেইন ও রোমানিয়া।
ডব্লিউএইচওর পরিসংখ্যান অনুযায়ী, ওই সময় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাশিয়া, ব্রিটেন ও তুরস্কে।
নভেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বের ৩১ লাখ নতুন রোগীর দুই তৃতীয়াংশ ইউরোপে শনাক্ত হয়েছে। মহামারী মোকাবেলায় কঠিন পরিস্থিতিতে পড়া ইউরোপের দেশগুলো শীত পুরোপুরি চলে আসার আগেই প্রাদুর্ভাব দমনের চেষ্টায় নতুন বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।
জার্মানির জনগণের প্রায় ৬৭ শতাংশ পূর্ণ টিকা নেওয়ার পরও দেশটিতে প্রতিদিন হাজার হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। মহামারী শুরু হওয়ার পর থেকে সেখানে এখনই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। দেশটির বেশ কয়েকটি রাজ্য এখন মাস্ক বাধ্যতামূলক করাসহ নতুন বিধি চালু করা নিয়ে কাজ করছে আর কিছু স্থানে প্রবেশের ক্ষেত্রে টিকা নেওয়ার বা অতীতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ দেখানোর কথা বিবেচনা করছে।
নেদারল্যান্ডসের ৬৮ শতাংশ জনগণ টিকার পূর্ণ ডোজ নিলেও নতুন আক্রান্ত বৃদ্ধিতে হাসপাতালগুলো চাপে পড়ে গেছে। এ পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বিধিনিষেধ আরোপ করার আহ্বান জানিয়েছেন।
রোমানিয়ার ৪০ শতাংশ লোক টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। এখানে কোভিড-১৯ এ রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হচ্ছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো রোগীতে উপচে পড়ছে।
এই দেশটির হাসপাতালগুলোতে বেশ কয়েকটি প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় সঙ্কট আরও গভীর হয়েছে। বৃহস্পতিবারও দেশটির একটি কোভিড হাসপাতালে লাগা আগুনে দুই রোগীর মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে রোমানিয়ার হাসপাতালগুলোতে আগুনে এই নিয়ে অন্তত ২০ জন রোগীর মৃত্যু হল।
ইংল্যান্ডে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের আশায় দেশটির সরকার করোনাভাইরাসের বুস্টার ডোজ কর্মসূচীর গতি বৃদ্ধি করেছে। আগামী বসন্ত থেকে সামনের সারিতে থাকা স্বাস্থ্য কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলকও করেছে তারা। দেশটির কর্মকর্তারা আরেকটি লকডাউন দেওয়ার আহ্বানে সাড়া না দিলেও প্রয়োজন হলে আরও করোনাভাইরাস বিধিনিষেধ জারি করার কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
ইউরোপের অবস্থার সঙ্গে বাকি বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতির কোনো মিল নেই। ডব্লিউএইচও এর তথ্যানুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড-১৯ এ মৃত্যু চার শতাংশ হ্রাস পেয়েছে আর নতুন সংক্রমণ স্থিতিশীল আছে।
মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৪ কোটি ৯০ লাখেরও বেশি এবং মৃত্যু হয়েছে ৫০ লাখেরও বেশি রোগীর।
