২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের অস্ত্রবিরতিতে পাকিস্তান, তেহরিক-ই-তালেবান

পাকিস্তানি তালেবান ও ইমরান খানের সরকার এক মাসের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন উভয়পক্ষের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 12:32 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অস্ত্রবিরতি আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত; তবে দুই পক্ষ রাজি হলে এর মেয়াদ আরও বাড়বে, সোমবার তাদের মুখপাত্ররা এমনটাই বলেছেন বলে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সংগঠনটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। এই গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক।

বছরের পর বছর ধরে টিটিপি ইসলামাবাদের সরকারকে উৎখাতে লড়াই চালিয়ে আসছে; তারা ২২ কোটি জনসংখ্যার পাকিস্তানে কঠোর শরিয়া আইন কায়েম করতে চায়।

তাদের সঙ্গে পাকিস্তান সরকার আগেও বহুবার আলোচনায় বসেছিল; দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর একাধিক চেষ্টা ব্যর্থও হয়েছে।

অগাস্টে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনা ফের শুরু হয়। সীমান্তের ওপারে আফগানিস্তানে, আফগান তালেবান নেতাদের সহযোগিতায় দুই পক্ষ বৈঠকে বসে।

“পাকিস্তান সরকার ও নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান একটি পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে,” বিবৃতিতে বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

আলোচনা এগুলে অস্ত্রবিরতির মেয়াদ আরও বাড়তে পারে, বলেছেন তিনি।   

স্কুলছাত্রী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টা টিটিপিকে পশ্চিমে পরিচিতি এনে দেয়; মেয়েদের শিক্ষার প্রসারে অবদান রাখায় মালালাকে পরে নোবেল পুরস্কার দেওয়া হয়।

টিটিপির একের পর এক আত্মঘাতী হামলা ও বোমা হামলায় এরই মধ্যে পাকিস্তানের কয়েক হাজার সামরিক-বেসামরিক লোকের প্রাণ গেছে।

২০১৪ সালে তারা আফগান সীমান্তের কাছে পেশোয়ারে একটি সামরিক বাহিনী পরিচালিত স্কুলে হামলা চালিয়ে ১৩২ শিশুসহ ১৪৯ জনকে হত্যা করে।

সর্বশেষ শনিবারও তারা নর্থ ওয়াজিরিস্তানে একটি বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে। ওই হামলায় ৪ সেনা নিহত ও একজন আহত হয়েছে।

ফাওয়াদ চৌধুরী বলেছেন, টিটিপির সঙ্গে যে অস্ত্রবিরতি হয়েছে তা পাকিস্তানের সংবিধান মেনেই হয়েছে।

পাকিস্তানি তালেবান এর আগে ইসলামাবাদের সরকারের সঙ্গে বসতে বন্দিমুক্তির শর্ত দিয়েছিল।

“আমরা আলোচনায় বসতে প্রস্তুত, যা দেশকে দীর্ঘমেয়াদে শান্তির দিকে নিয়ে যাবে,” বলেছিল তারা।  

তবে পাকিস্তান সরকার টিটিপির শর্ত মেনে তাদের কোনো নেতাকে মুক্তি দিয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

অনেকগুলো জঙ্গি গোষ্ঠীকে একত্রিত করে গঠন করা টিটিপি ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় এই গোষ্ঠীটির নাম আছে।

২০১৪ সালে পাকিস্তান সামরিক বাহিনীর জারব-ই-আজব অভিযানে ‍টিটিপি বেশ দুর্বল হয়ে পড়ে। অভিযানের মুখে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের ঘাঁটিগুলো ছেড়ে চলে যেতে হয় তাদের।

তারপরও তাদের ৪ থেকে ৫ হাজার যোদ্ধা আছে বলে ধারণা করা হয়। এদের অনেকেই সীমান্তের ওপারে আফগানিস্তানে অবস্থান করছে। আফগান তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুই দেশের সীমান্ত বরাবর অনুপ্রবেশ, গোলাগুলিসহ বেশ কিছু ঘটনাও ঘটেছে।

কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারের সময় আফগানিস্তান ও পাকিস্তান উভয়েই পরস্পরের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করতো।