২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপ২৬: মিথেন কমানোর প্রতিশ্রুতি দিল আশির বেশি দেশ

কপ২৬ জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস মিথেন নিঃসরনের মাত্রা কমিয়ে আনতে বৈশ্বিক অংশীদারিত্ব ঘোষণা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 10:14 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবারের জলবায়ু সম্মেলনে এই ঘোষণা দেন। মিথেন নিঃসরন ২০২০ সালের মাত্রার তুলনায় ৩০ শতাংশ কমিয়ে আনাই নতুন পরিকল্পনার লক্ষ্য।

যুক্তরাষ্ট্র এবং ইইউ গত সেপ্টেম্বরে এ সংক্রান্ত প্রস্তাব দিয়েছিল। এবার জলবায়ু সম্মেলনে ৮০ টির বেশি দেশ তাতে সই করে এ উদ্যোগে সামিল হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইডের নাম সবার ওপরে থাকলেও এখন বেশি শঙ্কা দেখা দিচ্ছে মিথেন নিয়ে। মানুষের কর্মকান্ড থেকে বর্র্তমানে বিশ্ব উষ্ণায়ন এক তৃতীয়াংশ বেড়ে যাওয়ার জন্য দায়ী এই মিথেন গ্যাস।

বায়ুমন্ডলে কার্বনের মাত্রা যদিও বেশি এবং তা থাকেও দীর্ঘ সময় ধরে, তারপরও কার্বনের তুলনায় মিথেন গ্যাসের অণু বায়ুমন্ডলে অনেক বেশি ঊষ্নায়ন ঘটায়। কার্বনের একটি একক অণু মিথেনের একক অণুর চেয়ে কম উষ্ণতা তৈরি করে। অর্থাৎ, কার্বনে উষ্ণায়ন বাড়ে কম। আর মিথেনে উষ্ণায়ন বাড়ে বেশি।

গ্লাসগোয় গত রোববার থেকে শুরু হওয়া এবারের কপ২৬ জলবায়ু সম্মেলনের কয়েকটি লক্ষ্যের মধ্যে অন্যতম হচ্ছে, ২০৫০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস শুন্যে নামানো অর্থাৎ, ‘নেট জিরো’ তে পৌঁছানো, যার মানে- বায়ুমমন্ডলে আর গ্রিনহাউজ গ্যাস যোগ না হতে দেওয়া।

এই লক্ষ্যে পৌঁছতে এখনই কাজ শুরু করতে হবে বলে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইইউ নেতারা। ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিন বলেন, “আমরা ২০২৫০ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারি না। আমাদেরকে নিঃসরন দ্রুত কমাতে হবে।”

তিনি বলেন, “স্বল্প সময়ে বিশ্ব উষ্নায়ন কমানোর জন্য খবুই কার্যকর একটি কাজ যেটা আমরা করতে পারি তা হচ্ছে, মিথেন গ্যাস নিঃসরন কমানো।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ইইউ কমিশন প্রধানের এই কথারই প্রতিধ্বনি করে মিথেন কমানোকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, এই উদ্যোগে সেই দেশগুলোই সামিল হয়েছে যারা বিশ্বে প্রায় অর্ধেক মিথেন নিঃসরনের জন্য দায়ী।

আজকের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প যুগের গড় তাপমাত্রার তুলনায় ১.১ সি বেশি। মানুষের কার্যকলাপের কারণে আজকের উষ্ণায়নের অন্তত ২৫ শতাংশই ঘটছে মিথেনের কারণে। তেল এবং গ্যাস শিল্প প্রধানত মিথেন গ্যাস নিঃসরণের জন্য দায়ী।

১৯৮০’র দশকের পর যে কোনও সময়ের তুলনায় বর্তমানে বায়ুমন্ডলে দ্রুত বেড়ে যাচ্ছে মিথেনের ঘনত্ব। তাই এতদিন মিথেন কমানোর বিষয়টি জলবায়ু আলোচনায় তেমন প্রাধান্য না পেলেও এখন এই গ্যাস কমানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানীরা।

তাদের মতে, মিথেন কমিয়ে তাৎক্ষণিকভাবে মিলবে বেশ কিছু উপকার, যে উপকার কার্বন কমিয়ে পাওয়া যাবে না।  মানুষ এখন জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং দূষণ কমাতে শুরু করেছে।

এ পরিস্থিতিতে সৌর বিকিরণ মহাকাশে ফেরত পাঠানো কিছু দূষণ সৃষ্টিকারী উপাদান উধাও হয়ে গিয়ে তাপমাত্রা বেড়ে যাওয়ার যে ঝুঁকি আছে, মিথেন গ্যাস কমিয়ে তা ঠেকানো যেতে পারে। তাছাড়া, মিথেন কমলে উন্নত হবে বায়ুর মানও।