কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের পৃথক ৩ হামলা, নিহত ১
কাশ্মীরে তিনটি পৃথক হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা, এসব ঘটনার একটিতে গুলিতে একজন নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগরের কারা নগর এলাকার ব্যস্ততম মদিনা কমপ্লেক্সে বিচ্ছিন্নতাবাদীরা মজিদ আহমদ গোজরি নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সঙ্কটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে ছত্রবালের এই বাসিন্দাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি ঘিরে ফেলে। এরপর শহরের সব এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং বিভিন্ন পয়েন্টে জোর তল্লাশি শুরু করা হয়।
এই হামলার পুরো পরিস্থিতি যাচাই-বাছাই করতে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর মধ্যেই স্থানীয় সময় রাত ৮টার দিকে কারা নগর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বাতমালু এলাকার এস. ডি. কলোনিতে আরেক ব্যক্তির ওপর হামলা হয়।
কর্মকর্তারা জানান, মোহাম্মদ শফি দার গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিতে তিনি গুরুতর জখম হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তারা বলেছে, উভয় ঘটনায় হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় সময় ৬টা ৫০ মিনিটের দিকে অনন্তনাগ জেলার কেপি রোডে সিআরপিএফের ৪০ ব্যাটেলিয়ন এর একটি বাঙ্কারে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়।
গ্রেনেডটি লক্ষ্যচ্যুত হয়ে কাছাকাছি বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
