২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টে সাবেক মালাউই এমপি’র আত্মহত্যা

আফ্রিকার দেশ মালাউইর সাবেক উচ্চপদস্থ এমপি ক্লিমেন্ট চিওয়াইয়া পার্লামেন্টের কার্যালয়ে প্রকাশ্যেই পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2021, 01:12 AM

Updated : 07 Apr 2022, 11:42 PM

মৃত্যুর আগে চিওয়াইয়া একটি চিঠি লিখে রেখে গেছেন। তাতে তিনি লিখেছেন বিশেষ একটি গাড়ির মালিকানা নিয়ে পার্লামেন্টের কর্মকর্তাদের সঙ্গে তার বিরোধের কথা।

বিবিসি জানায়, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছিলেন চিওয়াইয়া। ২ বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যাওয়ার কারণে তিনি হুইলচেয়ার ব্যবহার করতেন।

ডেপুটি স্পিকারের পদ থেকে পদত্যাগের পর চিওয়াইয়া পার্লামেন্টের দেওয়া বিশেষ ওই গাড়ি কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। শারীরিকভাবে অক্ষম হওয়ার পরও চিওয়াইয়া এই গাড়িটি চালাতে পারতেন।

গাড়িটি কেনার জন্য চিওয়াইয়া অর্থ দিয়েছিলেন। কিন্তু পার্লামেন্ট তার কাছে গাড়ির মালিকানা হস্তান্তর করেনি বলে চিওয়াইয়া অভিযোগ করেছেন। সাবেক এই এমপি’র মৃত্যুর পর প্রকাশিত এক বিবৃতিতে পার্লামেন্ট জানিয়েছে, বিষয়টি এখনও আদালতের এখতিয়ারে আছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চিওয়াইয়া বৃহস্পতিবার পার্লামেন্টে ক্লার্কের কার্যালয়ে ঢোকেন এবং ক্লার্কের সামনেই গুলি করে আত্মহত্যা করেন।

মৃত্যুর আগে লিখিত নোটে চিওয়াইয়া বলেছেন, “নিজের জিনিসের জন্য ভিক্ষা চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তারা ভেবেছে আমি অনুদান চাইছি, কিন্তু আমি গাড়িটি আমার নিজের অর্থ দিয়ে কিনেছি।”

“এ নিয়ে আর টানা-হেঁচড়া করার শক্তি আমার নেই। আপনারা অনেকেই হয়ত আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আমি নেতিয়ে পড়েছি, শেষ অবস্থায় পৌঁছে গেছি। এখনও আমি বেঁচে থাকলে অন্যদের নাখোশই করা হবে। পোলিওর ক্ষত নিয়ে যন্ত্রণা বয়ে বেড়ানো এই জীবনে আমি আর তা চাই না।”

১৯৭১ সালে জন্ম নেওয়া ক্লিমেন্ট চিওয়াইয়া একজন মানবাধিকার কর্মী ছিলেন। পরে তিনি তিনবার সফলভাবে এমপি হিসাবে দায়িত্ব পালন করেন। তার আত্মহত্যার পর চলছে পুলিশি তদন্ত।

কড়া নিরাপত্তাধীন পার্লামেন্টে পিস্তল নিয়ে চিওয়াইয়া ঢুকলেন কীভাবে সেটিই পুলিশ খতিয়ে দেখছে। পার্লামেন্ট এ সম্পর্কে জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা ভেবেছিলেন, মেটাল ডিটেক্টরে যে সংকেত তারা পেয়েছেন সেটি চিওয়াইয়ার হুইলচেয়ারের কারণে হাতে পারে।