পানশিরে তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে: এনআরএফ
আফগানিস্তানের পানশির উপত্যকা দখলের যে দাবি তালেবান করেছে, তা অস্বীকার করে তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)।
পানশিরে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের পর সোমবার তালেবান প্রদেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।
কিন্তু তালেবানবিরোধী বাহিনী এনআরআফ বলছে, তারা পানশিরের সব কৌশলগত অবস্থানগুলোতে রয়েছে। তালেবানের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে।
তালেবানের পানশির দখলের দাবি সম্পর্কে এনআরএফ এর মুখপাত্র আলি মাইসাম বিবিসি-কে বলেন, “তালেবান পানশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।”
এনআরএফ এর পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, “ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে লড়াই চলবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্থানীয় প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডের গেটের সামনে তালেবান যোদ্ধারা দাঁড়িয়ে আছে। তবে এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
ফেইসবুকে এক পোস্টে এনআরএফ নেতা মাসুদ বলেছেন, তালেবান হামলা বন্ধ করলে তারাও লড়াই বন্ধ করতে প্রস্তুত।
কিন্তু সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এনআরএফএর সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছে বিবিসি।
গত ১৫ অগাস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পর ৩১ অগাস্ট চলে যায় সর্বশেষ মার্কিন সেনা। তালেবান শাসন ঠেকাতে এ সময় পানশিরে স্থানীয় নেতা আহমাদ মাসুদের নেতৃত্বে তালেবানবিরোধী প্রতিরোধযুদ্ধ গড়ে তোলা হয়।
