উজবেকিস্তানে থাকা আফগান পাইলটদের শঙ্কা ‘দেশে ফিরলেই মৃত্যু’
উজবেকিস্তানের একটি শিবিরে আটক যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগান পাইলট ও অন্যরা তালেবান শাসিত আফগানিস্তানে তাদের ফেরত পাঠানোর সম্ভাবনায় শঙ্কিত হয়ে পড়েছেন।
সম্প্রতি এক উজবেক রক্ষী সহানুভূতিহীনভাবে তাদের বলেছেন, “তোমরা সারা জীবন এখানে থাকতে পারবে না।”
এই সতর্কবাণী হুট করে করা হলেও আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন এই উজবেক শিবিরে পালিয়ে আসার পর থেকে অস্বস্তিতে থাকা আফগান পাইলট এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে এসব মন্তব্য নতুন মাত্রা যোগ করছে।
অগাস্টে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা নিজেদের বাহিনী প্রত্যাহার করে নিলে তালেবানের অভিযানের মুখে আফগানিস্তানের স্থল বাহিনী যখন ভেঙে পড়ে, তখন দেশটির অনেক পাইলট এয়ারক্রাফট নিয়ে প্রতিবেশী উজবেকিস্তানে পালিয়ে যান। তাদেরই একজন নিজের অভিজ্ঞতার কথা রয়টার্সের কাছে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্র তাদের সরিয়ে নেবে, প্রায় তিন সপ্তাহ ধরে এমন নিরর্থক অপেক্ষার পর প্রথমবারের মত আফগানদের ভেতরের অবস্থার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি।
প্রতিশোধের আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক এই পাইলট বলেন, “তারা (উজবেক) যদি আমাদের ফেরত পাঠায়, আমি শতভাগ নিশ্চিত তারা (তালেবান) আমাদের মেরে ফেলবে।”
মোবাইল ফোনে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন তিনি। শিবিরে এসব ফোন চোখের আড়ালে রাখার চেষ্টা করেন সেখানে থাকা আটক আফগানরা।
এই পাইলট জানান, অত্যন্ত নিয়ন্ত্রিত গতিবিধি, রোদের মধ্যে দীর্ঘক্ষণ থাকা আর অপর্যাপ্ত খাবার ও ওষুধের মধ্যেই শিবিরে দিন কাটাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে নিজেকে তার একজন বন্দির মতই মনে হয়। এরই মধ্যে তাদের অনেকের ওজনও কমে গেছে বলে জানিয়েছেন তিনি।
“আমরা একরকম কারাগারেই আছি,” বলেন ওই পাইলট, যার হিসাবে সেখানে থাকা আফগানের সংখ্যা ৪৬৫ জন।
“এখানে আমাদের কোনো স্বাধীনতা নাই,” বলেন তিনি।
অগাস্টের শেষ দিকে রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, শিবিরটির চারদিক উঁচু দেয়াল দিয়ে ঘেরা। এটির আবাসন ইউনিটগুলো এর আগে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হত। আর এটি তার্মেজ শহরের কাছে অবস্থিত।
ভেতর থেকে রয়টার্সের কাছে পাঠানো ছবিতে দেখা গেছে, বিছানা পাতা সাদা সাদা ঘর, ঘরে তেমন কিছু নেই। আর দেশ ছেড়ে পালিয়ে আসা আফগানরাও পিঠের ব্যাগে ভরে শুধু কাপড়ই নিয়ে এসেছিলেন।
উজবেক রক্ষীরা সশস্ত্র, কয়েকজনের কাছে পিস্তল আর অন্যদের কাছে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র আছে বলে জানিয়েছেন ওই পাইলট।
রয়টার্স লিখেছে, তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত, ইংরেজিভাষী পাইলটরা তাদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল। ঘাঁটি থেকে বের হলেই তালেবান যোদ্ধারা তাদের অনুসরণ করতেন এবং কিছু পাইলটকে হত্যাও করেছে।
তালেবানের সঙ্গে যুদ্ধে হারার চূড়ান্ত দিন ও ঘণ্টাগুলোতে কিছু আফগান পাইলট বিমান বহরের প্রায় ১৬০টি এয়ারক্রাফটের মধ্যে ৪৬টি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।
এদের অধিকাংশই কাবুল থেকে পালালেও কয়েকজন উজবেকিস্তানের নিকটবর্তী শহর মাজার-ই-শরিফ থেকে পালান। আফগান স্থল বাহিনী ভেঙে পড়ার পর তালেবান যোদ্ধারা মাজার-ই-শরিফের বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে তছনছ করেছিল।
নাটকীয় এ পলায়ন পর্বের এক পর্যায়ে একটি আফগান এয়ারক্রাফটের সঙ্গে উজবেকিস্তানের একটি জেট বিমানের সংঘর্ষও হয়েছিল। এতে ওই আফগান পাইলট তার এয়ারক্রাফট থেকে বের হয়ে যেতে বাধ্য হন।
রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই পাইলট জানিয়েছেন, প্রায় ১৫ জন পাইলট এ-২৯ সুপার টুকানো লাইট অ্যাটাক বিমান নিয়ে পালিয়েছেন, ১১ জন ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার, ১২ জন এমডি-৫৩০ হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন অনেক পাইলট।
পাইলটদের পাশাপাশি বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণকারী সেনা এবং অন্যান্য আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উজবেকিস্তানের ওই শিবিরে আছেন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারলেও অন্যরা সীমান্তের অপর পাশে থাকা স্বজনদের নিয়ে শঙ্কায় আছেন।
“শেষ দিকে আর তেমন স্থল বাহিনী ছিল না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলাম,” বলেন ওই পাইলট।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বিমানগুলো আফগানিস্তানের বাইরে নিয়ে আসার জন্য উজবেকিস্তানে থাকা ওই আফগান পাইলটদের প্রশংসা করেছেন।
“একমাত্র যে কাজটি করতে হবে বলে তাদের জানা ছিল তা হল এয়ারক্রাফটগুলো তালেবানের নাগালের বাইরে নিয়ে আসা,” বলেন তিনি। এরপর যোগ করেন, “তারা আমাদের বিশ্বাস করে।”
উজবেকিস্তানের ওই শিবিরে থাকা আফগানদের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তালেবান।
যাই হোক, কাবুলের পতনের পর এক ঊর্ধ্বতন তালেবান নেতা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, তার বাহিনী ড্রোন ও হেলিকপ্টার জব্দ করেছে। কিন্তু উজবেকিস্তানে থাকা আফগান এয়ারক্রাফটগুলো ফেরত পাওয়ার ব্যাপারে আকুলতা দেখিয়েছিলেন তিনি।
“ইনশাল্লাহ আমরা আমাদের অবশিষ্ট এয়ারক্রাফটগুলোও ফেরত পাব, সেগুলো এখন আফগানিস্তানে নেই,” বলেছিলেন তিনি।
যুদ্ধে জিতলেও তালেবানদের কাছে কোনো এয়ারক্রাফট নেই। তারা জানিয়েছে, পাইলটসহ সাবেক সামরিক বাহিনীর সদস্যদের তাদের নতুন নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা (পাইলটরা) যোগ দিলে প্রতিশোধমূলক কোনো হত্যাকাণ্ড ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
রয়টার্স লিখেছে, উজবেকিস্তানের শিবিরটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য আরেকটি সঙ্কট তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের শেষ পর্বটা তাড়াহুড়া করে শেষ করার জন্য ডানে-বামে সবদিক থেকে সমলোচনার মুখে পড়েছেন তিনি।
এখনও পর্যন্ত উজবেকিস্তান থেকে আফগান সামরিক বাহিনীর সদস্যদের ও এয়ারক্রাফটগুলো সরিয়ে আনতে না পারায় বর্তমান ও সাবেক অনেক মার্কিন কর্মকর্তাই সমালোচনা মুখর হয়েছেন।
আটক এসব আফগান সেনাদের তাদের হাতে তুলে দিতে উজবেকিস্তানের কর্তৃপক্ষের ওপর তালেবান চাপ সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন ওই মার্কিন কর্মকর্তারা।
এসব বিষয়ে মন্তব্যের জন্য উজবেকিস্তানের সরকারকে রয়টার্স বহুবার অনুরোধ করলেও সাড়া মেলেনি।
