কাবুল বিমানবন্দরে হামলার আগে আফগানদের অ্যাবি গেটে যেতে বলেছিল যুক্তরাজ্য
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের যে অ্যাবি গেটে আত্মঘাতী হামলায় ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে, সেই গেটেই হামলার কয়েক ঘণ্টা আগে আফগানদেরকে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তারা।
বিবিসি-র নিউজনাইট শো’ এ সংক্রান্ত কিছু ইমেইল বার্তা দেখতে পেয়েছে। এতেই দেখা গেছে, বিমানবন্দরে আসন্ন হামলার আশঙ্কার কথা জানার পরও আফাগানিস্তানের ব্রিটিশ দূতাবাস আফগানদের বলেছিল, ‘ব্যারন হোটেলের কাছের অ্যাবি গেট ব্যবহার করুন।’
হামলায় নিহতদের মধ্যে বেসামরিক মানুষের পাশাপাশি ১৩ মার্কিন সেনা এবং দুই ব্রিটিশও রয়েছে। যুক্তরাজ্য সরকার বলছে, তারা এই ইমেইল খতিয়ে দেখছে।
বিবিসি-কে এক আফগান বলেছেন, হামলার দিন যুক্তরাজ্যের কর্মকর্তাদের পরামর্শ ছিল “বিভ্রান্তিকর এবং সাংঘর্ষিক।”
সোমবার শেষ বিদেশি সেনাটি কাবুল ছাড়ার আগে হাজার হাজার আফগান প্রতিদিনই অ্যাবি গেটে ভিড় করেছে দেশ ছেড়ে যাওয়ার জন্য একটি ফ্লাইটে চড়ে বসার আশায়। অনেকে প্রস্থানের সব নিয়মকানুন ঠিকমত পালন করায় ব্রিটিশ কর্তৃপক্ষ তাদেরকে অ্যাবি গেটে ডেকে নিয়েছিল।
যুক্তরাজ্যে প্রত্যাবাসনযোগ্য আফগানদের ইমেইল পাঠিয়ে অ্যাবি গেটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অথচ বিমানবন্দরে হামলার দিন ২৬ অগাস্টেই ব্রিটিশ সশস্ত্র বাহিনীর জুনিয়র মন্ত্রী জেমস হিপি সতর্ক করে দিয়ে বলেছিলেন, হামলার খুবই বিশ্বাসযোগ্য প্রতিবেদন তার কাছে আছে।
বিদেশি বাহিনীর হয়ে কাজ করা সাবেক এক আফগান দোভাষীকেও সেদিন ব্রিটিশ দূতাবাস থেকে মেইল করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, “পরামর্শ দেওয়া হচ্ছে, দয়া করে আপনি জানান যে, আপনি সঠিক গেটে আছেন কিনা? শাওয়াসি সড়কের অ্যাবি গেট।”
তালেবানের কাছে পরিচয় গোপন রাখার জন্য দোভাষীর নাম প্রকাশ করেনি বিবিসি। সাবেক এই আফগান দোভাষী বিবিসি-কে বলেছেন, “আমি যদি তাদের পরামর্শ শুনতাম, তাহলে আজ আর জীবিত থাকতাম না। আমি বলেছিলাম, আমি সেখানে যাব না। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আমি নিরাপদ বোধ করছি না।”
“সেখানে যাওয়াটা পাগলামি হতো । আর এটাই আমার জীবন বাঁচিয়েছে। আমাদের নিজস্ব বিবেচনাবোধই আমাদের জীবন রক্ষা করেছে,” বলেন তিনি।
বিমানবন্দরে হামলার আগের দিন ২৫ অগাস্ট ফরেইন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) কাবুল বিমানবন্দরে সব ফ্লাইটকেই সন্ত্রাসী হামলা হওয়ার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিল।
সেই বার্তায় মানুষজনকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে বারণ করা হয়েছিল। এমনকী বিমানবন্দর এলাকায় যারা আছে তাদেরকে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছিল এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল।
কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসও একইরকম সতর্কবার্তা দিয়ে বলেছিল, “বিমানবন্দরের অ্যাবি গেট, ইস্ট গেট এবং নর্থ গেটে যারা আছেন তারা অবিলম্বে সরে যান।”
কিন্তু ব্রিটিশ দূতাবাসের পরামর্শ নিয়ে আফগানরা দ্বিধা-দ্বন্দে পড়ে গিয়েছিল। ব্রিটিশ দূতাবাসে কাজ করা এক আফগান নারীও বলেছেন, হামলার ঘটনার দিন দেশ ছাড়তে চাওয়া আফগানদের জন্য দূতাবাসের পরামর্শ ছিল তালগোল পাকানো।
এই নারী বলেন, “পরিস্থিতি খারাপ এটা জানার পর কোনও মানুষকে গেটে ডাকা উচিত না। তাই তাদের পরামর্শে আমি হতবাক হয়েছি। কারণ, আমি দায়িত্বশীল হলে লোকজনকে জীবনের ঝুঁকি নিতে বলতাম না।”
তিনি জানান, দূতাবাসের স্টাফ হিসাবে সেদিন যুক্তরাজ্য সরকারের কাছ থেকে নির্দেশনার ব্যাপারে পরিষ্কারভাবে জানার জন্য ইমেইল করে কোনও সাড়া পাননি এমনকী হামলা হওয়ার পরও নিরাপদ রুটের ব্যপারে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করে অনেক্ষণ পর সাড়া মেলে।
