মানবিক সংকটের মুখে আফগানিস্তান
নতুন তালেবান শাসনের অধীনে আফগানিস্তান একটি মানবিক সংকটে পড়তে যাচ্ছে, উন্নয়ন সহযোগীদের এমন সতর্কবার্তার মধ্যেই নেটোর একজন কূটনীতিক বলেছেন, আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোর উচিত তাদের স্থলসীমা খুলে দেওয়া, যাতে আরও বেশি মানুষ দেশ ছাড়তে পারে।
বুধবার কাবুলভিত্তিক ওই কূটনীতিক রয়টার্সকে বলেন, “ইরান, পাকিস্তান ও তাজিকিস্তানের উচিত আকাশ বা স্থল পথে আরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া ৩১ আগস্টের মধ্যে শেষ করার সিদ্ধান্তে অটল থাকায় সময়ও আর হাতে বেশি নেই। এমন প্রেক্ষাপটে লাখ লাখ মানুষের ক্ষুধা, রোগ ও নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি বেড়ে গেছে বলে সতর্ক করেছে উন্নয়ন সহযোগীদের।
কাতারের দোহায় জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বেসলি রয়টার্সকে বলেন, “খরা, সংঘাত, অর্থনৈতিক পরিস্থিতির অবনতির সঙ্গে কোভিড মহামারী যুক্ত হওয়ায় একটি ঝড় আসার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
আন্তর্জাতিক সম্প্রদায়কে খাদ্য সহায়তার জন্য ২০ কোটি ডলার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ডেভিড বেসলি বলেন, “ক্ষুধার মুখে পড়তে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে এখন এক কোটি ৪০ লাখে পৌঁছেছে।”
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, তারা আফগানিস্তানের সহায়তার পরিমান চারগুণ করার পরিকল্পনা করছে এবং মাঠ পর্যায়ে সহায়তার সরবরাহ ও নিরাপত্তার জন্য জাতিসংঘের সঙ্গে সমন্বয় করবে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জানান, তালেবান গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এমন বিশ্বাসযোগ্য প্রতিবেদন পেয়েছেন তিনি, যার মধ্যে আত্মসমর্পণ করা বেসামরিক নাগরিক ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘বিনাবিচারে মৃত্যুদণ্ড’ দেওয়ার মতো ঘটনাও আছে।
তালেবান জানিয়েছে, তারা যেকোন নৃশংসতার অভিযোগ তদন্ত করে দেখবে।
নাম প্রকাশ না করার শর্তে নেটো কূটনীতিক জানান, বেশ কয়েকটি আন্তর্জাতিক দাতা গোষ্ঠী তাদের আফগান কর্মীদের প্রতিবেশি দেশগুলোতে পাঠানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে।
তালেবান জানিয়ে দিয়েছে, আফগানিস্তান থেকে সব বিদেশি প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ অগাস্টের মধ্যে এবং যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মেধাবী আফগানদেরকে দেশত্যাগে প্ররোচিত না করতে।
দেশ ছেড়ে যাওয়ার জন্য কাবুল বিমানবন্দরের আশপাশে ভীড় করে থাকা আফগানদেরকে আশ্বস্ত করার জন্য তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভয় করার কিছু নেই এবং তাদের বাড়ি ফিরে আসা উচিত।
আফগানিস্তান থেকে প্রত্যাহার প্রক্রিয়ার সময় বাড়ানোর নিয়ে জি-৭ জোটের নেতাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা খোলা রেখেছেন বাইডেন।
হোয়াইট হাউজে তিনি বলেছেন, ৩১ অগাস্টের মধ্যেই কাজ শেষ করতে চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যেহেতু জঙ্গি হামলার হুমকি বাড়ছে।
বাইডেন বলেন, “আমরা যত দ্রুত শেষ করতে পারব, তত ভালো। প্রত্যেকটি দিনের অবস্থান আমাদের সেনাদের জন্য বাড়তি ঝুঁকি বয়ে আনছে।”
যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানান, বিমানবন্দরে ইসলামিক স্টেট (আইএস) হামলা করতে পারে- এমন ঝুঁকি বাড়ছে।
ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র - শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ আফগানিস্তান থেকে প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে ভারচুয়াল বৈঠক করেছে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছেন, ৩১ অগাস্টের পর কাবুলে বেসামরিক কর্তৃপক্ষের পরিচালনাধীন কোনো বিমানবন্দর থেকে প্রত্যাহার কার্যক্রম চালু রাখার উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, জি৭ এর বৈঠকে যে মূল শর্তটি নিয়ে মতৈক্য হয়েছে তা হল তালেবানকে অবশ্যই আফগানিস্তান ছাড়তে চাওয়াদের একটি নিরাপদ পথ করে দিতে হবে, এমনকি প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা পার হওয়ার পরেও।
