২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ইন্দোনেশিয়ার সাবেক মন্ত্রীর ১২ বছর কারাদণ্ড

কোভিড-১৯ সামাজিক সহায়তা প্যাকেজের পণ্য ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার দায়ে ইন্দোনেশিয়ার সাবেক এক মন্ত্রীর ১২ বছরের কারাদণ্ড হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 04:21 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

সোমবার জাকার্তার দুর্নীতি বিষয়ক আদালত তিন হাজার ২৪০ কোটি ইন্দোনেশীয় রুপিয়া (২০ লাখ ২৫ হাজার ডলার) ঘুষ গ্রহণের দায়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী জুলিয়ারি বাতুবারাকে এ দণ্ড দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কোভিড-১৯ মহামারীতে নিম্ন আয়ের জনগণের জন্য নির্ধারিত সামাজিক সহায়তা প্যাকেজের মালামাল ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে তিনি জড়িত ছিলেন এবং ওই পরিমাণ অর্থ ঘুষ গ্রহণ জন্য ‘নিশ্চিতভাবে দোষী প্রমাণিত হয়েছেন’ বলে একজন বিচারক জানিয়েছেন।

এ রাজনীতিক দরপত্র প্রক্রিয়ায়ও হস্তক্ষেপ করেছিলেন, এমন প্রমাণ পাওয়ায় আদালত তাকে ৫০ কোটি রুপিয়া জরিমানা করেছে এবং ব্যক্তিগত খরচের জন্য আত্মসৎ করা অর্থের এক হাজার ৪৫০ কোটি ‍রুপিয়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া এ রায়ে বিচারক আরও জানিয়েছেন, কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে চার বছর পর্যন্ত জুলিয়ারি  সরকারি দপ্তরে নিষিদ্ধ থাকবেন। 

এ দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন জুলিয়ারি। তদন্তকারীরা তার যে সাজা দাবি করেছিলেন আদালতের রায়ে তার চেয়ে এক বছর বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ সাজাকে অত্যন্ত কঠোর বলে মন্তব্য করে তারা আপিল করবেন কিনা তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জুলিয়ারির আইনজীবী।

ইন্দোনেশিয়ার ‍দুর্নীতি-দমন কমিশন (কেপিকে) গত ডিসেম্বরে এ মামলায় সন্দেহভাজন হিসেবে জুলিয়ারিসহ আরও চার জনের নামে অভিযোগ এনেছিল। 

ওই সময় দুর্নীতি দমন কমিশনের তদন্তকারীরা স্যুটকেস ও অন্যান্য পাত্রে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ খুঁজে পেয়েছিলেন, এর একদিন পর সাবেক এ মন্ত্রী আত্মসমর্পণ করেন।

২০১৪ সালে জোকো উয়িদোদো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মেয়াদকালে দুর্নীতির দায়ে দেশটির বেশ কিছু বিশিষ্ট রাজনীতিকের কারাদণ্ড হয়েছে।