আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার বেদনাদায়ক, অপ্রয়োজনীয়: ব্লেয়ার
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারকে ‘বেদনাদায়ক, বিপজ্জনক ও অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
তালেবানের হাতে কাবুলের পতনের পর দেওয়া প্রথম বিবৃতিতে তিনি এসব বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘অনন্ত যুদ্ধের অবসান’-এর মতো একটি ‘অহেতুক স্লোগানকে’ মাথায় রেখে, বলেছেন ব্লেয়ার।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলার পর মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্যের সেনারাও আফগানিস্তানে অভিযানে নামে; সেসময় ব্লেয়ার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
এখন মার্কিন নেতৃত্বাধীন জোটের আফগানিস্তান ছেড়ে আসা বিভিন্ন জিহাদি গোষ্ঠীকে ‘উল্লসিত’ করবে বলেও ধারণা লেবার পার্টির সাবেক এ নেতার।
“যাদের প্রতি আমাদের দায় আছে, তাদের সরিয়ে নেওয়া ও আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য। যে আফগানরা আমাদের সহায়তা করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, এবং যাদের আমাদের প্রতি দাবি আছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে,” নিজের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছেন ব্লেয়ার।
যাদের আফগানিস্তান থেকে সরানো দরকার, তাদের না সরানো পর্যন্ত আফগানিস্তানে অবস্থান করা যুক্তরাজ্যের ‘নৈতিক দায়িত্ব’, বলেছেন তিনি।
রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে হুড়োহুড়িতে ৭ বেসামরিক আফগান নিহত হয়েছে বলে জানিয়েছে।
নিজের পোস্টে ব্লেয়ার লেখেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি রাজনৈতিক কারণে নেওয়া হয়েছে, ব্যবহার করা হয়েছে ‘অনন্ত যুদ্ধের অবসান’ স্লোগান।
যুক্তরাষ্ট্রের এখনকার প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রচারণায় এই স্লোগানটি ব্যবহার করেছেন।
“আমাদের এটা (সেনা প্রত্যাহার) দরকার ছিল না, আমরাই এটা বেছে নিয়েছি,” লিখেছেন তিনি।
যুক্তরাষ্ট্র চলতি বছরের ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। যদিও বাইডেন সম্প্রতি বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশটি থেকে নাগরিক, কূটনীতিক ও সহযোগীদের সরানো শেষ না হওয়ায় এই সময়সীমা পার হওয়ার পরও আফগানিস্তানে মার্কিন সেনা থেকে যেতে পারে।
আফগানিস্তানে পশ্চিমারা ভুল করেছে বলে মেনেও নিয়েছেন ব্লেয়ার।
“কিন্তু আমাদের ভুলের প্রতিক্রয়ায় যা হচ্ছে, তা আরও ভুল,” বলেছেন তিনি।
সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নিখুঁত না হলেও গত ২০ বছরে (আফগানিস্তানে) যা অর্জিত হয়েছে, তা সম্ভবত হারিয়ে যাবে।
“বিশ্বজুড়ে সব জিহাদি গোষ্ঠীকে এ সেনা প্রত্যাহার উল্লসিত করবে,” বলেছেন তিনি।
আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী চলে যাওয়ায় রাশিয়া, চীন ও ইরান লাভবান হবে বলেও মত তার।
“পশ্চিমা নেতারা এখন কাউকে প্রতিশ্রুতি দিলেও সেগুলোকে এখন বোধগম্যভাবেই আর বিশ্বাসযোগ্য মনে হবে না,” লিখেছেন তিনি।
